সহিংস ঘটনার জন্য খালেদাকে দুষলেন স্বরাষ্ট্রমন্ত্রী
গতকালের সহিংস ঘটনার জন্য বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াকে দায়ী করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তাঁর মতে, বিএনপি-জামায়াত এসব ঘটনা ঘটিয়েছে। গতকাল রোববার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। সাহারা খাতুন বলেন, যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে। তাদের রক্ষার জন্যই এসব হচ্ছে। রোডমার্চে বিরোধীদলীয় নেত্রী যুদ্ধাপরাধীদের পক্ষে কথা বলেছেন। আজ (গতকাল) এর বহিঃপ্রকাশ কি না, প্রশ্ন করে তিনি বলেন, অরাজকতা, বিশৃঙ্খলা হতে দেওয়া যায় না।বিএনপির নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনার নেতা-কর্মী ও সন্ত্রাসীদের এ ধরনের নির্দেশ দেওয়া ঠিক হচ্ছে না।’ এ সময় তিনি সহিংসতার চিত্র তুলে ধরে বলেন, ‘খালেদা জিয়ার কাছে এর জবাব চাই।’ স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গতকাল সারা দিন পাঁচটি গাড়ি পোড়ানো হয়েছে। রাজধানী ও সিলেটে দুজন নিহত হয়েছে। খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সময় এলেই দেখা যাবে। এ ঘটনায় মামলা হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, মামলা অবশ্যই হবে।জামায়াতের সাবেক আমির গোলাম আযমকে গ্রেপ্তার করা হবে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালত যখন আদেশ দেবেন, তখন অবশ্যই হবে।