সহিংস নির্বাচনে ভোটার উপস্থিতি খুবই কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক গণমাধ্যমে নির্বাচন
আন্তর্জাতিক গণমাধ্যমে নির্বাচন

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের বর্জনের মধ্য দিয়ে গতকাল রোববার বাংলাদেশে একতরফা দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে উত্তাপহীন, তবে সহিংস এই নির্বাচনের খবর ফলাও করে প্রচার করা হয়। সহিংসতার পাশাপাশি নির্বাচনে ভোটার উপস্থিতি অনেক কম ছিল বলে বিদেশি গণমাধ্যমে উল্লেখ করা হয়।
প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরের শিরোনাম ছিল: ‘সহিংসতা ও বর্জনের মধ্যে বাংলাদেশে নির্বাচন’। প্রতিবেদনে বলা হয়, বিরোধীদলীয় নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। জ্বালিয়ে দেওয়া হয়েছে শতাধিক ভোটকেন্দ্র। শতাধিক কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। ভোটার উপস্থিতি ছিল একেবারেই কম।
গাইবান্ধার একজন ভোটার বিবিসিকে বলেন, ‘সহিংসতার ভয়ে আমি ও আমার পরিবারের কেউই ভোট দিতে যাইনি। দেশের ৯০ শতাংশ মানুষ এই একদলীয় নির্বাচনের বিপক্ষে। ভোটকেন্দ্রগুলো খাঁ খাঁ করছে।’
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্ট-এ ‘বাংলাদেশে নির্বাচনী সহিংসতায় অন্তত ১৮ জনের মৃত্যু’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের সময় বিক্ষোভকারী ও বিরোধীদলীয় কর্মীরা শতাধিক ভোটকেন্দ্র জ্বালিয়ে দিয়েছেন। পুলিশ তাঁদের ওপর গুলি ছুড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিরোধীদের বর্জন নির্বাচনের বৈধতাকে ক্ষুণ্ন করেছে। মিরপুরের একটি কেন্দ্রে প্রথম দুই ঘণ্টায় ভোট দিয়েছেন মাত্র ২৫ জন। আমিনুল ইসলাম নামের ঢাকার এক ভোটার বলেন, ‘আমরা এ রকম নির্বাচন কখনোই আশা করিনি। এই পরিস্থিতির জন্য সরকার ও বিরোধী দল—উভয়ই দায়ী।’
দেশটির আরেক প্রভাবশালী দৈনিক নিউইয়র্ক টাইমস-এ ‘বাংলাদেশে বিরোধী দলের নির্বাচন বর্জন’ শীর্ষক প্রতিবেদনের শুরুতেই নির্বাচনের আগে সহিংস হামলার শিকার একজন ট্রাকচালকের ক্ষোভের কথা তুলে ধরা হয়। নূর ইসলাম নামের ওই চালক ব্যক্তি বলেন, ‘উভয় দল সাধারণ মানুষের জীবন নিয়ে খেলছে।’ সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদারের বক্তব্য উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, কার্যত এ রকম লজ্জাজনক নির্বাচন সমস্যার সমাধান করবে না। এটি দেশবাসীকে আরও অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে ফেলে দেবে।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনে ‘সহিংসতা ও বিরোধীদের বর্জনের মধ্যে ভোট’ শিরোনামে প্রকাশিত খবরে বলা হয়, নির্বাচনী অস্থিরতা বাংলাদেশে ক্রমাগত চলতে থাকা সমস্যাকেই সামনে এনেছে এবং দেশটিকে দারিদ্র্য, রাজনৈতিক অস্থিতিশীলতা ও উন্নয়ন চ্যালেঞ্জ গ্রাস করছে।
ভারতের প্রভাবশালী দৈনিক টাইমস অব ইন্ডিয়া শিরোনাম করেছে: ‘বাংলাদেশে রক্তক্ষয়ী নির্বাচনে ১২ জন নিহত, ২০০ কেন্দ্রে বোমা হামলা’। খবরে বলা হয়, বিরোধী দলের অংশগ্রহণ ছাড়া রোববার অনুষ্ঠিত নির্বাচনে দেশজুড়ে ব্যাপক সহিংসতা হয়েছে। হাজার হাজার বিক্ষোভকারী কেন্দ্রগুলোতে বোমা নিক্ষেপ এবং ব্যালট পেপার চুরি করেছেন। কেন্দ্রে ভোটারদের কোনো ভিড় ছিল না। একটি কেন্দ্রে প্রথম তিন ঘণ্টায় মাত্র একজনকে ভোট দিতে দেখা গেছে। ঢাকার আজিমপুরের একজন ভোটার বলেন, ‘শুধু ক্ষমতাসীন দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করায় আমি ভোটই দিতে চাইনি। কিন্তু প্রার্থীরা আমাকে আওয়ামীবিরোধী মনে করতে পারেন—এমন আশঙ্কায় আমি ভোট দিয়েছি।’
এনডিটিভির খবরের শিরোনাম ছিল: ‘বিরোধীদের বর্জনে ভোটার উপস্থিতি ছিল কম—বাংলাদেশের নির্বাচন কমিশন’। নির্বাচন কমিশনকে উদ্ধৃত করে এতে বলা হয়, সহিংসতার কারণে প্রায় ১৫০টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
‘বাংলাদেশে নির্বাচনে ভোটকেন্দ্র ও পুলিশের ওপর হামলা’ শিরোনামে প্রকাশিত পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন-এর খবরে বলা হয়, বিরোধী দলের আন্দোলনকারীরা শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত শতাধিক কেন্দ্র এবং পুলিশের ওপর হামলা চালিয়েছেন। ঢাকায় ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের কোনো সারি দেখা যায়নি। মিরপুরের একজন ভোটার বলেন, ‘আমি ভোটাধিকার প্রয়োগ করতেই এসেছি। কিন্তু এই দিনটি উদ্যাপনের কিছুই নেই।’
‘সহিংসতায় ম্লান বাংলাদেশের নির্বাচন’ শিরোনামে পরিবেশিত কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরার খবরে বলা হয়, নির্বাচনে সহিংসতায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। নির্বাচন প্রতিহত করতে দুই শতাধিক কেন্দ্রে হামলা-আগুন দেন বিরোধীরা। ভোটকেন্দ্রগুলোতে কোনো সারি দেখা যায়নি। একটি কেন্দ্রে প্রথম তিন ঘণ্টায় মাত্র একজন ভোট দেন।
‘বাংলাদেশে সহিংস নির্বাচনে ভোটকেন্দ্রগুলোতে বোমা হামলা’ শিরোনামে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচনে দেশব্যাপী সহিংসতায় ১৮ জন নিহত হয়েছেন। বহু ব্যালট পেপার পুড়িয়ে দেওয়ার কথা উল্লেখ করে বগুড়ার এক পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থাকে বলেন, ‘পরিস্থিতি খুবই অস্থিতিশীল।’
রয়টার্স শিরোনাম করেছে: ‘বাংলাদেশে সহিংসতা ও বর্জনের নির্বাচনে জয়ের পথে ক্ষমতাসীন দল’। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, আন্তর্জাতিক পর্যবেক্ষকবিহীন নির্বাচনটিতে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা সত্ত্বেও ভোটার উপস্থিতি ছিল বেশ কম।