সহিংস রাজনীতি বন্ধ করে সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছেন দেশের জ্যেষ্ঠ সাংবাদিক ও সাংবাদিক নেতারা। ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন দগ্ধ রোগীদের দেখতে গিয়ে এ আহ্বান জানান তাঁরা।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বার্ন ইউনিটে ঘুরে ঘুরে অবরোধে অগ্নিদগ্ধ রোগীদের সহমর্মিতা জানান জ্যেষ্ঠ সাংবাদিকেরা।
বার্ন ইউনিট থেকে বের হয়ে সমকাল-এর সম্পাদক গোলাম সারওয়ার বলেন, ‘রাজনৈতিক সহিংসতার শিকার এ ধরনের দৃশ্য দেখতে খুবই কষ্ট হয়। আমরা এ দৃশ্য দেখতে চাই না।’ রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সহিংসতার পথে এমন রাজনীতি মানুষ চায় না। জনগণকে সম্পৃক্ত করে রাজনীতি করুন।’
সহিংসতায় জড়িত লোকজনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল।
আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, যারা রাজনৈতিক সহিংসতা, হত্যা করছে, তাদের এর জবাব দিতে হবে। এই দায় তাদের নিতে হবে।”
জ্যেষ্ঠ সাংবাদিকেরা রাজনৈতিক কর্মসূচিতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা, পত্রিকাবাহী গাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায়ও ক্ষোভ প্রকাশ করেন।
এ সময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, জ্যেষ্ঠ সাংবাদিক মোজাম্মেল হোসেন মঞ্জু, এটিএন নিউজের বার্তা সম্পাদক প্রভাষ আমিনসহ বিএফইউজে ও ডিইউজের নেতারা উপস্থিত ছিলেন।