সহিংস রাজনীতির কাছে জিম্মি মানবাধিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট বছরের ছেলের জন্য চকলেট নিয়ে বাড়ি ফেরার কথা ছিল ময়মনসিংহের ব্যবসায়ী উজ্জ্বল সরকারের। কিন্তু ৪ ডিসেম্বর অবরোধের ককটেল কেড়ে নেয় তাঁর প্রাণ। বাড়িতে তিনি ফেরেন লাশ হয়ে। তাঁর স্ত্রী আর দুই শিশুসন্তানের আহাজারি এখনো থামছে না।

এর আগে ২৬ নভেম্বর অবরোধের রাতে মাকে নিয়ে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন ২০ বছরের তরুণ মোহাম্মদ সাহেদ। চট্টগ্রামের সাতকানিয়ায় ককটেল হামলায় প্রাণ হারান তিনি। চোখের সামনে সন্তানকে লাশ হতে দেখে মূর্ছা যান বৃদ্ধ মা রাজিয়া বেগম।

ঢাকার কলেজছাত্র ওহিদুর রহমান, সিরাজগঞ্জের রাজমিস্ত্রি সাকমান হোসেন, বরিশালের ব্যবসায়ী রফিকুল ইসলাম, সাতক্ষীরার গৃহিণী আম্বিয়া খাতুন, চট্টগ্রামের অটোরিকশাচালক এরশাদ আলী, মাদারীপুরের পোশাকশ্রমিক রবিন মাতবর কিংবা ফরিদপুরের ট্রাকচালক মেহেদী হাসানের পরিণতি একই। তাঁদের সবাইকে মরতে হয়েছে রাজনীতির সহিংস আগুন কিংবা ককটেলে।

শুধু গত দুই সপ্তাহের অবরোধে ৫৯ জন প্রাণ হারিয়েছেন। এ বছর (২০১৩) রাজনৈতিক সহিংসতায় মারা গেছেন ৩৮৭ জন। এর মধ্যে শুধু হরতাল-অবরোধেই ২৩৬ জনের প্রাণ গেছে।

এমন বাস্তবতার মধ্যে আজ মঙ্গলবার বাংলাদেশে পালিত হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস। এই দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দিয়েছেন, মানবাধিকার সমুন্নত রাখতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। কিন্তু তাঁদের এই আহ্বানের সঙ্গে বাস্তবতার অনেক ফারাক। কারণ, রাজনৈতিক সহিংসতার আগুনে পুড়ছে সাধারণ মানুষ, দেশ। জিম্মি হয়ে আছে বেঁচে থাকার অধিকার।

এ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল প্রথম আলোকে বলেন, জনগণের মানবাধিকারের বিরুদ্ধে দেশে এখন অপরাধ চলছে। রাজনৈতিক নেতাদের মধ্যে বিভক্তির কারণেই মানুষ আজ জিম্মি। এ অবস্থা থেকে উত্তরণে রাজনীতিকদের সমঝোতায় আসতে হবে।

১৯৪৮ সালের সার্বজনীন মানবাধিকার ঘোষণার তৃতীয় অনুচ্ছেদে বলা হয়েছে, প্রত্যেকেরই বেঁচে থাকার বা জীবন ধারণ, স্বাধীনতা ও ব্যক্তি নিরাপত্তার অধিকার রয়েছে। অনুচ্ছেদ ৫-এ বলা হয়েছে, কাউকে নির্যাতন করা যাবে না। অনুচ্ছেদ ৯-এ বলা আছে, কাউকে খেয়ালখুশিমতো গ্রেপ্তার, আটক করা যাবে না। সংবিধানের মৌলিক অধিকার অনুচ্ছেদেও যেকোনো অবস্থায় নাগরিকের বেঁচে থাকার, স্বাভাবিকভাবে চলাফেরার ও নিরাপত্তার অধিকার দেওয়া হয়েছে। কিন্তু বাস্তব অবস্থা উল্টো।

কাল এ বিষয়ে কথা বলতে চাইলে নিহত তরুণ মোহাম্মদ সাহেদের বৃদ্ধ বাবা বদিউল আলম ফোনে বলেন, ‘আঁই মানবাধিকার ন বুজি। ইবা কি তা-ও ন জানি। আঁরা গরিব মানুষ। আঁর পোয়া হাম গরি হায় (কাজ করে খায়)। আঁই শুধু জাইনতম চাই, আর পোয়া কিল্লাই অ্যান গরি মরি গেলু। হোনো রাষ্ট্র বা সরকার বা নেতা তো আঁর হোনো খোঁজ লইতো ন আইয়ে। আঁই চাই আর হনিকিয়ার পোয়া (আর কারও ছেলে) যাতে এইভাবে ন মরে।’

আহাজারি করলেন উজ্জ্বল সরকারের স্ত্রী দিপা রানী সরকার, আনোয়ারা বেগমের মেয়ে নাসিমা বেগম, ওহিদুরের মা সালেহা বেগমসহ আরও অনেক স্বজনহারা। প্রথম আলোর সঙ্গে আলাপকালে তাঁরা সবাই স্বাভাবিকভাবে বেঁচে থাকার ও স্বাভাবিকভাবে মৃত্যুর নিশ্চয়তা দাবি করেন।

গত এক মাসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটেই চিকিৎসা নিয়েছেন ১২৫ জন দগ্ধ মানুষ। এর মধ্যে মারা গেছেন ১৩ জন। এখন ভর্তি আছেন ৩০ জন। বার্ন ইউনিটজুড়ে শুধুই তাঁদের এবং স্বজনদের আর্তনাদ। গতকাল সোমবার ভোরে কুমিল্লার দেবীদ্বারে ট্রাকে পেট্রল বোমায় আহত হন বাকপ্রতিবন্ধী মজিবুর রহমান।

কাল বার্ন ইউনিটের নিচতলায় ছেলে মজিবুরের দগ্ধ মুখ দেখে অবিরাম বিলাপ করছিলেন মা আলেয়া বেগম। তিনি আহাজারি করে বলেন, ‘আমার পোলা তো কথাও কইতে পারে না। বোবার নাকি শত্রু নাই। আমার পোলারে তাইলে কারা পুড়াইল? কেন পুড়াইল?’

কাল দুপুরে কথা হয় বেসরকারি একটি ব্যাংকের কর্মকর্তা এস এম মামুনের সঙ্গে। তিনি আক্ষেপ করে বলেন, ‘গণপরিবহনে চলাচল করতে হয়। বাসা থেকে বের হওয়ার পর চরম আতঙ্কে থাকি, সুস্থভাবে ফিরতে পারব কি না। যেভাবে ককটেল ফোটে, বাসে আগুন দেওয়া হয়, তাতে মনে হয় দেশে যুদ্ধ চলছে। বাসায় বউ-বাচ্চারা সব সময় আতঙ্কে থাকে। বাসায় না ফেরা পর্যন্ত তারাও শান্তি পায় না। আমরা সবাই যেন আজ এই দেশের কয়েকজন নেতা-নেত্রীর কাছে জিম্মি।’

দেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, মানবাধিকারের সবচেয়ে প্রাথমিক কথা মানুষের নির্ভয়ে, নিঃসংকোচে বসবাস করার এবং বেঁচে থাকার অধিকার। কিন্তু আজকে সেটিই সংকটে। মানুষের জীবনের এখন নিরাপত্তা নেই। যখন-তখন মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেওয়া একটি দেশে এটি কখনো কাম্য হতে পারে না।