সহিংস রাজনীতির প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুড়িয়ে মানুষ হত্যার প্রতিবাদে গতকাল শাহবাগে মানববন্ধন করে জাগ্রত জনতা নামের একটি সংগঠন ষ প্রথম আলো
পুড়িয়ে মানুষ হত্যার প্রতিবাদে গতকাল শাহবাগে মানববন্ধন করে জাগ্রত জনতা নামের একটি সংগঠন ষ প্রথম আলো

আগুনে পুড়িয়ে মানুষ হত্যা, বোমা ও ককটেল নিক্ষেপ করে রক্তপাতসহ সব ধরনের সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে গতকাল রোববার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন, গণ-অনশন ও অবস্থান কর্মসূচি পালন করছে জাগ্রত জনতা নামের একটি সংগঠন।
সংগঠনের আহ্বায়ক জাকিয়া কামাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্জারি বিভাগের চিকিৎসক। গত বৃহস্পতিবার রাতে শাহবাগে একটি বাসে আগুন লাগিয়ে দিলে ১৯ জন দগ্ধ হওয়ার খবর নাড়া দেয় তাঁকে। পরদিন ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে তিনি পোড়া মানুষজনকে দেখতে গিয়েই ঠিক করেন, এভাবে ঘরে বসে থাকা নয়। গত শনিবার সকাল থেকে তিনি জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করে ৪৮ ঘণ্টার অনশন কর্মসূচি পালন করছেন। প্রথমে তিনি একা ছিলেন। ধীরে ধীরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, লেখক, মুক্তিযোদ্ধা তাঁর সঙ্গে যোগ দেন।
গত শনিবার সকালে জাগ্রত জনতা নাম দিয়ে বিভিন্ন কার্যক্রম শুরু করেন তাঁরা। সংগঠনটি ওই দিন সকাল সাড়ে আটটার দিকে শাহবাগে অবস্থান নেওয়ার পর সেখানে অনশন কর্মসূচি শুরু করে। পরে মানববন্ধন করে। গতকাল সকালেও একই স্থানে মানববন্ধন করেছে সংগঠনটি। আজ সকালে অনশন কর্মসূচি শেষ হবে। এর পরে সংগঠনটি পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।
এ কর্মসূচিতে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র আমিনুল এহসান বলেন, ‘রাজনৈতিক দলগুলো কর্মসূচি দিতে চায় তাতে সমস্যা নেই। কিন্তু তা কেন সহিংস হবে?’
কর্মসূচির উদ্যোক্তা জাকিয়া কামাল বলেন, ‘দুই নেত্রী আমাদের মায়ের মতো। মা হলে কীভাবে সন্তানদের এমন অবস্থা মেনে নেন তাঁরা?’ তিনি বলেন, ‘সাধারণ মানুষের নিরাপত্তা তো তাঁরাই দেবেন। তাঁরা পারস্পরিক সমঝোতার মাধ্যমে সিদ্ধান্ত নেবেন।’