সহিংস রাজনীতির প্রতিবাদে জাগ্রত জনতার আমরণ অনশনের ঘোষণা
দেশে চলমান সহিংস রাজনৈতিক অবস্থার প্রতিবাদে আবারও অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছে জাগ্রত জনতা নামের সংগঠনটি। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ ঘোষণা দেয়। এর আগে একই দাবিতে গত ৩০ নভেম্বর সংগঠনটি অনশন করেছিল।
সংবাদ সম্মেলনে জাগ্রত জনতার আহ্বায়ক চিকিত্সক জাকিয়া মুন বলেন, কাল বৃহস্পতিবার বিকেল চারটা থেকে শাহবাগের জাদুঘরের সামনে তাঁদের সংগঠনের কর্মীরা আমরণ অনশন করবেন। দুই রাজনৈতিক দল সহিংসতা বন্ধে সমঝোতা না করা পর্যন্ত তাঁদের অহিংস আন্দোলন অব্যাহত থাকবে।
জাকিয়া মুন আরও জানান, দেশের রাজনৈতিক দলগুলো মানুষের অভিভাবকের মতো। তারা সাধারণ জনগণের জীবনের নিরাপত্তা নিশ্চিত করবে। কিন্তু তারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য সহিংস রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এতে দেশের সাধারণ মানুষ স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না। সংবাদ সম্মেলনে তিনি রাজনৈতিক দলগুলোকে সহিংস রাজনীতি থেকে বিরত থেকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানান।