সহিংস হরতালে নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতাল শুরু হওয়ার দুই ঘণ্টা আগেই শনিবার দিবাগত রাত চারটার দিকে রাজধানীর গাবতলীতে বিআরটিসির ডিপোর ভেতরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে দুটি দোতলা বাস সম্পূর্ণ ভস্মীভূত হয় ও চারটি বাস আংশিক পুড়ে যায় ষ ছবি: প্রথম আলো
হরতাল শুরু হওয়ার দুই ঘণ্টা আগেই শনিবার দিবাগত রাত চারটার দিকে রাজধানীর গাবতলীতে বিআরটিসির ডিপোর ভেতরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে দুটি দোতলা বাস সম্পূর্ণ ভস্মীভূত হয় ও চারটি বাস আংশিক পুড়ে যায় ষ ছবি: প্রথম আলো

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা হরতালের প্রথম দিন গতকাল রোববার দেশের বিভিন্ন স্থানে হরতাল-সমর্থক, হরতালবিরোধী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এসব ঘটনায় যশোর, পিরোজপুর, ফরিদপুর, পাবনা ও বগুড়ায় যুবলীগের দুজন, বিএনপির দুজন, জামায়াতের একজনসহ পাঁচজন নিহত হয়েছেন। বিভিন্ন স্থানে সংঘর্ষে পুলিশের ৩৮ জন সদস্যসহ ৫৫০ জনের বেশি আহত হয়েছেন।
দেশের বিভিন্ন স্থানে হরতাল-সমর্থকেরা ব্যাপক ভাঙচুর চালান। রাজধানীতে ১২টিসহ সারা দেশে অন্তত ২২টি গাড়িতে আগুন দেন হরতাল-সমর্থকেরা। ভাঙচুর করেন অর্ধশতাধিক যান। নির্বাচন কমিশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ানো হয়। জয়পুরহাটে ট্রেনে আগুন এবং সান্তাহারে ট্রেনের বগি ভাঙচুর করা হয়। বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালানো হয়। গতকাল থেকে শুরু হওয়া টানা ৬০ ঘণ্টার এই হরতাল কাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় শেষ হবে।
হরতাল চলাকালে রাজধানীতে বিআরটিসির দোতলা বাসসহ ১২টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে, শ্যামলী রিং রোড, পুরান ঢাকার রায়সাহেব বাজার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, নয়াবাজার, তাঁতীবাজারসহ নগরের বিভিন্ন এলাকায় অসংখ্য ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। যাত্রাবাড়ীতে আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়া হয়। নগরের বিভিন্ন স্থান থেকে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ১১ জনকে ছয় মাস করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন (৩৮) কয়েকজন সহযোগী নিয়ে সকাল সাড়ে আটটার দিকে যশোর-খুলনা মহাসড়কে মাইক্রোবাসে করে মহড়া দিচ্ছিলেন। মাইক্রোবাসটি বেঙ্গল টেক্সটাইল মিলের সামনে পৌঁছালে হরতাল-সমর্থকেরা ধাওয়া দেন। এ সময় আলমগীর ও তাঁর সহযোগীরা মাইক্রোবাস থেকে নেমে দৌড়ে পাশের হাইওয়ে পুলিশ ফাঁড়িতে অবস্থান নেন। হরতাল-সমর্থকেরা সেখানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে আলমগীর ও তাঁর সহযোগীদের এলোপাতাড়ি কোপান। এতে ঘটনাস্থলেই আলমগীরের মৃত্যু হয়। গুরুতর আহত আরমান মোল্লা, লিমন হোসেন ও এনামুল ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আলমগীর স্থানীয় সাংসদ ও জাতীয় সংসদের হুইপ শেখ আবদুল ওহাবের মদদপুষ্ট গামছা বাহিনীর প্রধান বলে জানা গেছে। তাঁর লাশ দেখতে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে যান। এ সময় সেখানে বোমা ফাটানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। শাহিন চাকলাদার অভিযোগ করেন, বিএনপি-জামায়াতের ক্যাডাররা বোমা ফাটিয়েছে।
অভিযোগ অস্বীকার করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক বলেন, অভিযোগ ভিত্তিহীন। নিজেরা বোমা ফাটিয়ে বিএনপির ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে আওয়ামী লীগ।

পিরোজপুরের জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়নের চরবলেশ্বর এলাকায় যুবলীগের কর্মী স্বপন শীলের (৩৫) বাড়িতে ভোরের দিকে হামলা চালান বিএনপি-জামায়াতের কর্মীরা। তাঁরা স্বপনের ঘরে ঢুকে তাঁকে কুপিয়ে মারাত্মক জখম করেন। আহতাবস্থায় খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বিএনপি-জামায়াতের কর্মীরা সকালে বালিপাড়া বাজারের কাছে আওয়ামী লীগের কর্মী আলাউদ্দিন মোল্লা ও তাঁর ছেলে বালিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বাপ্পি মোল্লাকে কুপিয়ে জখম করেন। বাপ্পির অবস্থা আশঙ্কাজনক। তাঁকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে ডেইলি স্টার পত্রিকার জেলা প্রতিনিধি হাবিবুর রহমানসহ দুজন সাংবাদিক জিয়ানগরে সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে শংকরপাশা এলাকায় ছাত্রলীগের হামলার শিকার হন। হামলাকারীরা তাঁদের মারধর করে টাকাপয়সা ছিনিয়ে নেন। হাবিবুর জানান, শংকরপাশা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে এ হামলা চালানো হয়।

ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের কর্মীরা সকালে নগরকান্দা পৌর এলাকার জুঙ্গুর্দির মোড়ে জড়ো হন। তাঁরা গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় পুলিশ পিকেটারদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষে সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে পিকেটাররা তিন দিক থেকে পুলিশের সদস্যদের ঘেরাও করেন। তখন পুলিশ কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও শটগানের গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে নগরকান্দা পৌর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মারুফ মাতুব্বর (২১) ঘটনাস্থলেই মারা যান।

মারুফের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রাম থেকে কয়েক শ মানুষ ঢাল, সড়কিসহ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে বেরিয়ে আসে। জুঙ্গুর্দিতে পুলিশের সঙ্গে আবার সংঘর্ষ বাধে। বেলা পৌনে দুইটা পর্যন্ত পিকেটারদের সঙ্গে পুলিশ ও র‌্যাবের দফায় দফায় সংঘর্ষ হয়। পরে ফরিদপুর থেকে অতিরিক্ত দাঙ্গা পুলিশ ও র‌্যাবের সদস্যরা ঘটনাস্থলে এসে কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সংঘর্ষে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক লে. কামান্ডার গুলজার, নগরকান্দা থানার পুলিশের ১১ জন সদস্যসহ শতাধিক লোক আহত হন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা সুনীল চক্রবর্তী জানান, আহত ব্যক্তিদের মধ্যে একজন সাংবাদিকসহ ছয়জন গুলিবিদ্ধ হন। তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় গুলিবিদ্ধ দিনকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি সাইফুদ্দিন আহমেদকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ করিম বলেন, সংঘর্ষের ঘটনায় আটজনকে আটক করা হয়েছে।

দুপুরে ওই ঘটনার প্রতিবাদে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিএনপি এক সমাবেশের আয়োজন করে। আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা এতে হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় আসলাম ভূঁইয়া (২৮) ও জাকির হোসেন (২৫) নামের দুজন গুলিবিদ্ধ হন। তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ও শেখপাড়ায় সকাল সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী-নাটোর মহাসড়কে জামায়াতের নেতা-কর্মীরা পিকেটিং করছিলেন। এ সময় মুলাডুলি বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় ও চারটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পিকেটাররা মুলাডুলির শেখপাড়ায় গিয়ে পিকেটিং শুরু করলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সংঘবদ্ধ হয়ে তাঁদের ওপর হামলা চালান। এ সময় দুই পক্ষে সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে জামায়াতের কর্মী জুলহাস হোসেন মুন্নাফ (৩০) গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হন কমপক্ষে ৩০ জন। তাঁদের মধ্যে গুলিবিদ্ধ উপজেলা শিবিরের সভাপতি শেখ ফরিদ হোসেন ও শিবিরের কর্মী ইসলাম হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে মুলাডুলি বাজার, শেখপাড়া, সড়াইকান্দিসহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষ গুলি ও বোমা হামলা চালায়। পাকশীতেও দুই পক্ষে সংঘর্ষ হয়। সন্ধ্যায় আওয়ামী লীগের উপজেলা ও পৌর কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা।

বগুড়ার গাবতলী পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদ মিল্টনের সমর্থকেরা দুপুরে হরতালের সমর্থনে শহরের তিনমাথা মোড় থেকে একটি মিছিল বের করেন। এ সময় গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সমর্থকেরা মিছিলকারীদের ওপর হামলা চালান। এতে দুই পক্ষে সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে উপজেলা চেয়ারম্যান-সমর্থিত সাজেদুর রহমান ওরফে পিস্তল মোহন প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলি চালান। পরে পৌর মেয়রের সমর্থকেরা পাল্টা হামলা চালান। তাঁদের ধারালো অস্ত্রের আঘাতে উপজেলার নেপালতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য শাহজাহান আলী (৪২) গুরুতর আহত হন। তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গাবতলী থানার ওসি আলী আহমদ হাশমী জানান, এ ঘটনায় পৌরসভা এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছেন ইউএনও।

[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন বগুড়ার নিজস্ব প্রতিবেদক, যশোর ও ফরিদপুর অফিস, পিরোজপুর, অভয়নগর (যশোর) ও ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি]