সহিংস হামলায় জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে: ব্লেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বক্তব্য দিচ্ছেন অ্যালিসন ব্লেক
বক্তব্য দিচ্ছেন অ্যালিসন ব্লেক

দেশের জনগণের মধ্যে নিরাপত্তা নিয়ে আস্থা ফেরাতে সহিংস হামলার মতো অপরাধে জড়িত লোকজনকে শাস্তি দেওয়া নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেক।

আজ সোমবার যুক্তরাজ্যের হাইকমিশনার তাঁর বাসায় আয়োজিত ডিকাব টক অনুষ্ঠানে এই মত দেন।

অ্যালিসন ব্লেক বলেন, বাংলাদেশের তদন্ত শেষ হয়নি কিংবা শাস্তি দেওয়া হয়নি—এমন প্রতিটি অপরাধ, সহিংসতা কিংবা হামলা শুধু দরিদ্র, ঝুঁকিতে থাকা ও প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তাকেই বুড়ো আঙুল দেখাচ্ছে না; তা আইনের শাসনকে গ্রাস করছে। চূড়ান্তভাবে বাংলাদেশের সব নাগরিকের এবং এ দেশে বসবাসকারী মানুষের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলছে।

ডিপ্লোমেটিক করসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিকাব) সভাপতি আঙ্গুর নাহারের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন সংগঠনের সাধারণ সম্পাদক পান্থ রহমান। 

বাংলাদেশের পরবর্তী নির্বাচন কমিশন গঠনের বিষয়ে জানতে চাইলে যুক্তরাজ্যের হাইকমিশনার এ বিষয়ে সরাসরি মন্তব্য করতে অপারগতা জানান। তবে বিষয়টির ওপর তাঁর দেশ কৌতূহলী দৃষ্টি রাখছে বলে তিনি জানান।
অ্যালিসন ব্লেক বলেন, যেকোনো দেশের জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন গুরুত্বপূর্ণ, যা সব নাগরিককে সরকার গঠনের ক্ষেত্রে তাদের মতামতের চর্চা ও অংশীদারত্বের সুযোগ করে দেয়। নির্বাচনী প্রক্রিয়া অবাধ ও সুষ্ঠু হবে—এ বিষয়ে মানুষের মধ্যে আস্থা সৃষ্টির প্রয়োজন আছে। কারণ, গণতন্ত্র মানে শুধু নির্বাচনের দিন কী ঘটল তাতে সীমিত নয়। বরং নির্বাচনী প্রক্রিয়া ও তার আগের মাস ও সপ্তাহের সময়গুলোও জরুরি। তিনি বলেন, সেই গণতন্ত্রকেই সুষম বলা যায়, যেখানে শক্তিশালী ও শ্রদ্ধা জাগানো প্রতিষ্ঠান এবং দায়িত্বশীল নাগরিক সমাজের উপস্থিতি আছে। 
গুলশানের জঙ্গি হামলার পর বিদেশিদের নিরাপত্তা জোরদার এবং জঙ্গিদের গ্রেপ্তারসহ তাদের নেটওয়ার্ক গুঁড়িয়ে দিতে সরকারের নেওয়া পদক্ষেপে যুক্তরাজ্যের হাইকমিশনার প্রশংসা করেন। তিনি বলেন, ‘তখন থেকেই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই ও জঙ্গিদের নেটওয়ার্ক গুঁড়িয়ে দিতে বাংলাদেশের সরকার ও জনগণের মধ্যে জোরালো সদিচ্ছা দেখতে পেয়েছি। পরিস্থিতির উন্নতিও হয়েছে, লোকজনের মধ্যে আস্থা ফিরেছে। তবে এখনই এ নিয়ে আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ নেই। কেননা গত কয়েক বছরে অনেকগুলো অপরাধের সুরাহা হয়নি।’ 
বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে সরাসরি পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলে অ্যালিসন ব্লেক বলেন, ‘আমি এ ব্যাপারে কোনো সময় বেঁধে দিতে পারি না, যদিও বিমানবন্দরের নিরাপত্তার ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তার ব্যাপারে বাংলাদেশ সরকারের সঙ্গে আমরা নিবিড় আলোচনা চালিয়ে যাব।’
যুক্তরাজ্যের ভিসা কেন্দ্র ঢাকা থেকে দিল্লিতে সরিয়ে নেওয়ায় লোকজন ভোগান্তিতে পড়ছেন। ভিসা কেন্দ্র আবার ঢাকায় ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে নেতিবাচক উত্তর দেন হাইকমিশনার। তিনি জানান, ভিসা কেন্দ্র পরিচালনার বিষয়টি বেশ ব্যয়বহুল। তা ছাড়া বৈশ্বিক প্রক্রিয়ার অংশ হিসেবে বড় ভিসা কেন্দ্র প্রতিষ্ঠার চিন্তা থেকে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।