সহিংস হামলায় জড়িতদের শাস্তি নিশ্চিতের তাগিদ যুক্তরাজ্যের
জনগণের মধ্যে নিরাপত্তা নিয়ে আস্থা ফেরাতে সহিংস হামলার মতো অপরাধে জড়িত ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতে তাগিদ দিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেইক। গতকাল সোমবার তাঁর বাসায় ডিকাব টক অনুষ্ঠানে এ মত দেন।
অ্যালিসন ব্লেইক বলেন, বাংলাদেশের তদন্ত শেষ হয়নি কিংবা শাস্তি দেওয়া হয়নি—এমন প্রতিটি অপরাধ, সহিংসতা কিংবা হামলা বাংলাদেশের সব নাগরিকের এবং এ দেশে বসবাসকারীদের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলছে।
ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিকাব) সভাপতি আঙ্গুর নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক পান্থ রহমান।
বাংলাদেশের পরবর্তী নির্বাচন কমিশন গঠনের বিষয়ে জানতে চাইলে যুক্তরাজ্যের হাইকমিশনার এ বিষয়ে সরাসরি মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। তবে বিষয়টির ওপর তাঁর দেশ কৌতূহলী দৃষ্টি রাখছে বলে তিনি জানান।
অ্যালিসন ব্লেইক বলেন, যেকোনো দেশের জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন গুরুত্বপূর্ণ, যা সব নাগরিককে সরকার গঠনের ক্ষেত্রে তাদের মতামতের চর্চা ও অংশীদারত্বের সুযোগ করে দেয়। নির্বাচনী প্রক্রিয়া অবাধ ও সুষ্ঠু হবে—এ বিষয়ে মানুষের মধ্যে আস্থা সৃষ্টির প্রয়োজন আছে। কারণ, গণতন্ত্র মানে শুধু নির্বাচনের দিন কী ঘটল, তাতে সীমাবদ্ধ নয়। বরং নির্বাচনী প্রক্রিয়া ও তার আগের মাস ও সপ্তাহের সময়গুলোও জরুরি। তিনি বলেন, সেই গণতন্ত্রকেই সুষম বলা যায়, যেখানে শক্তিশালী ও শ্রদ্ধা জাগানো প্রতিষ্ঠান এবং দায়িত্বশীল নাগরিক সমাজের উপস্থিতি আছে।
গুলশানের জঙ্গি হামলার পর বিদেশিদের নিরাপত্তা জোরদার, জঙ্গিদের গ্রেপ্তারসহ তাদের নেটওয়ার্ক গুঁড়িয়ে দিতে সরকারের নেওয়া পদক্ষেপের যুক্তরাজ্যের হাইকমিশনার প্রশংসা করেন। তিনি বলেন, ‘তখন থেকেই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই ও জঙ্গিদের নেটওয়ার্ক গুঁড়িয়ে দিতে বাংলাদেশের সরকার ও জনগণের মধ্যে জোরালো সদিচ্ছা দেখতে পেয়েছি। পরিস্থিতির উন্নতিও হয়েছে, লোকজনের মধ্যে আস্থা ফিরেছে। তবে এখনই এ নিয়ে আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ নেই। কেননা, গত কয়েক বছরের অনেকগুলো অপরাধের সুরাহা হয়নি।’