সহিংসতা, অনিয়ম ও বর্জনে ভোট শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহিংসতা, অনিয়ম এবং অবশেষে বর্জনের মধ্য দিয়ে শেষ হলো ঢাকার উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। আজ মঙ্গলবার সকাল আটটায় ভোট নেওয়া শুরু হয়, চলে টানা বিকেল চারটা পর্যন্ত। 
তিন সিটি করপোরেশনের এই নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহের পাশাপাশি ছিল শঙ্কা। আজ সকালে ভোট শুরুর পর নানা জায়গা থেকে বিভিন্ন ধরনের অভিযোগ আসতে থাকে। কিছু কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হয়।
মাঝপথে বেলা ১২টার দিকে ঢাকা ও চট্টগ্রামে সিটি করপোরেশন নির্বাচন বর্জনের ঘোষণা দেয় বিএনপি। বিএনপির বাইরে আরও কয়েকজন মেয়র প্রার্থী নির্বাচন বর্জনের কথা জানান।
নির্বাচনে বিভিন্ন কেন্দ্র দখল, পোলিং এজেন্টদের বের করে দেওয়া, ব্যালটবাক্স দখল, জালভোট, ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ এনেছে বিএনপি।
দুপুরে ঢাকায় সংবাদ সম্মেলন করে বিএনপি নেতা মওদুদ আহমদ বলেন, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আবার প্রমাণ হলো, এ দেশের মানুষের ভোটের অধিকার নেই। সুষ্ঠু তো দূরের কথা, নির্বাচন একেবারে অর্থহীন করে দেওয়া হয়েছে।’
এর আগে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। তাঁর অভিযোগ, ৮০ শতাংশ কেন্দ্রে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। একই সংবাদ সম্মেলনে সেখানকার বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেন।
সরকার-সমর্থকদের বাইরে অন্য প্রার্থীরাও নির্বাচন নিয়ে নানা অভিযোগ এনেছেন। প্রথম আলোয় ফোন করে অনেক ভোটার এই নির্বাচনে অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেছেন। কেউ কেউ দাবি করেছেন, তাঁরা ভোটই দিতে পারেননি।

ভোট শুরুর পর বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন এবং স্থির ও ভিডিওচিত্রে নির্বাচনে নানা অনিয়ম ও সহিংসতার চিত্র ফুটে উঠেছে। শুধু সরকার-সমর্থকেরাই নন, অনেকে ক্ষেত্রে নির্বাচনী কর্মকর্তারাও এসব অনিয়মে প্রত্যক্ষভাবে যোগ দিয়েছেন। এসব ঘটনার তথ্য সংগ্রহ করতে গিয়ে অনেক জায়গায় সংবাদকর্মীরা হামলার শিকার হয়েছেন।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষস্থানীয় একাধিক কর্মকর্তা ও সরকারি দলের নেতারা বারবার দাবি করা করেছেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া দাবি করেছেন, সিটি করপোরেশন নির্বাচনে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। জনগণ উৎসাহ নিয়ে ভোট দিচ্ছেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তিন সিটি করপোরেশনে মোট ভোটার ৬০ লাখ ৩৩ হাজার ১২৫ জন। এর মধ্যে ঢাকা উত্তরে ভোটার প্রায় সাড়ে ২৩ লাখ, দক্ষিণে ১৮ লাখ ৭০ হাজার এবং চট্টগ্রামে ১৮ লাখ ১৩ হাজার।
এই নির্বাচনে মেয়র প্রার্থীদের মধ্যে বেশি আলোচিত হন ঢাকা উত্তরে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আনিসুল হক ও বিএনপি-সমর্থিত তাবিথ আউয়াল, ঢাকা দক্ষিণে বিএনপি-সমর্থিত মির্জা আব্বাস ও আওয়ামী লীগ-সমর্থিত সাঈদ খোকন এবং চট্টগ্রামে বিএনপি-সমর্থিত মোহাম্মদ মনজুর আলম ও আওয়ামী লীগ-সমর্থিত আ জ ম নাছির উদ্দিন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আজকের নির্বাচনে তিন সিটিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৭৮ হাজার ৭৩০ সদস্যের দায়িত্ব পালনের কথা। এর মধ্যে ঢাকা উত্তরে ৩০ হাজার ৭৬৪, দক্ষিণে ২৬ হাজার ৪৯৬ এবং চট্টগ্রামে ২১ হাজার ৪৭০ সদস্য।
তিন সিটিতে দায়িত্ব পালনের জন্য তিন ব্যাটালিয়ন (এক ব্যাটালিয়ন ৭৪১ জন) সেনাসদস্য প্রস্তুত রাখে নির্বাচন কমিশন। তবে ইসি জানায়, এই সেনারা মাঠে নয়, সেনানিবাসেই অবস্থান করবেন। প্রয়োজন পড়লেই কেবল সেনানিবাসের বাইরে যাবেন। তবে নির্বাচনে কোথাও সেনাসদস্যরা মাঠে নেমেছেন বলে খবর পাওয়া যায়নি।

আরও জানতে পড়ুন: