দেশব্যাপী চলমান নাশকতার প্রতিবাদে কর্মসূচি চলছেই। নাটক, গান, গণ-অবস্থান ও মানববন্ধন কর্মসূচির মাধ্যমে অবরোধ-হরতাল আহ্বানকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এসএসসি পরীক্ষা নির্বিঘ্ন করতে সহিংস রাজনীতি বন্ধের জোর দাবি উঠেছে। গতকাল শনিবার যশোর, নড়াইল ও পটুয়াখালীতে এসব কর্মসূচি পালিত হয়।
সাংস্কৃতিক সংগঠন চাঁদের হাট যশোরের উদ্যোগে বিকেলে শহরের চিত্রা মোড়ে শিশুবন্ধন কর্মসূচি পালিত হয়। শিশুদের হাতে শোভা পায় ‘বারুদের গন্ধ নয়, ফুলের সুবাস চাই’, ‘ঝলসানো মুখ নয়, শৈশব হোক আনন্দময়’ লেখাসংবলিত প্ল্যাকার্ড।
শিশুদের এ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য দেন প্রবীণ শিক্ষাবিদ তারাপদ দাস, সম্মিলিত সাংস্কৃতি জোটের জেলা সভাপতি হারুন-অর-রশীদ, সাধারণ সম্পাদক সুকুমার দাস, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সহসভাপতি মাহবুবুর রহমান, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের জেলা সাধারণ সম্পাদক শ্রাবণী সুর, চাঁদের হাটের সাধারণ সম্পাদক ফারাজী আহম্মেদ সাঈদ বুলবুল। তাঁরা মানুষ হত্যার নিন্দা জানিয়ে সহিংস রাজনীতি বন্ধের জোর আহ্বান জানান। পরে প্রিয়ন্তীর চলে যাওয়া শিরোনামে একটি নাটিকা উপস্থাপন করা হয়। পরিবেশন করা হয় প্রতিবাদী সংগীত।
সহিংসতা বন্ধের দাবি জানিয়ে পটুয়াখালীর লঞ্চ টার্মিনাল চত্বরে আয়োজন করা হয় গণ-অবস্থান কর্মসূচির। এতে প্রায় অর্ধশত সংগঠনের নেতা-কর্মী অংশ নেন। পটুয়াখালী চেম্বারের সভাপতি মো. মতিউর রহমান সিকদারের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জি, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার এম এ হালিম, উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সভাপতি সুভাষ চন্দ, বিশিষ্ট সমাজসেবক আবুল হোসেন, শুকতারা মহিলা সংস্থার সভানেত্রী মাহফুজা ইসলাম, মহিলা পরিষদের সভানেত্রী ফাতেমা জব্বার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র দাস, খেলাঘর সহসভাপতি রবিউল আলাম প্রমুখ। তাঁরা অবরোধ-হরতাল প্রত্যাহার করে মানুষকে জিম্মিদশা থেকে মুক্তির আহ্বান জানিয়েছেন।
এভাবে আর কত দিন? দেশ ও জনগণকে মুক্তি দিন/সহিংসতা আর নয়, শান্তিপূর্ণ দেশ চাই/মায়ের কোলে দগ্ধ শিশু, এ রাজনীতি নয় অন্য কিছু—এমন নানা স্লোগান নিয়ে প্রথম আলো নড়াইল বন্ধুসভা করে মানববন্ধন। প্রেসক্লাবের সামনে এ কর্মসূচিতে সংহতি জানায় বিভিন্ন পেশাজীবী সংগঠন। আধা ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, ২ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। এই সময়ে রাজনীতির নামে যারা হরতাল দেয়, সাধারণ মানুষ পোড়ায়, তারা দানব। সেই দানবের বিরুদ্ধে দেশব্যাপী প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সাংবাদিক এনামুল কবির, মো. আলমগীর সিদ্দিকী, খায়রুল আরেফিন, বন্ধুসভার সভাপতি প্রলয় কীর্ত্তণীয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দীন আহম্মেদ, তাপসী দাস, রাবেয়া খাতুন প্রমুখ মানববন্ধনে বক্তব্য দেন।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছে প্রথম আলোর যশোর ও পটুয়াখালী অফিস এবং নড়াইল প্রতিনিধি}