সহিংসতা আর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নির্বাচনের আগে সহিংসতা ও নির্বাচন নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠার খবর বিদেশি গণমাধ্যমেও জায়গা করে নিয়েছে ফলাও করে। নির্বাচন-পরবর্তী রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ আছে বেশির ভাগ গণমাধ্যমের খবরে।
গতকাল শনিবার ব্রিটিশ সম্প্রচার সংস্থা বিবিসির খবরের শিরোনাম ছিল, ‘বাংলাদেশে নির্বাচনের আগে ভোটকেন্দ্রে আগুন’। এতে বলা হয়, রোববারের বিতর্কিত নির্বাচনের আগে রাজধানী ঢাকা ও ঢাকার বাইরে কমপক্ষে ৩০টি ভোটকেন্দ্রে আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ ও নির্বাচন কর্মকর্তারা। তবে ভিন্ন সূত্রে খবর পাওয়া গেছে, ৬০টির মতো কেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
‘বাংলাদেশে নির্বাচন: বিরোধীদের বয়কটে উদ্বেগ চরমে’ এই শিরোনাম ছিল ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা গার্ডিয়ান-এর। পত্রিকাটির প্রতিবেদন শুরু হয়েছে সহিংসতার আগুনে দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন দুই ব্যক্তির প্রতিক্রিয়া দিয়ে। দুজনই তাঁদের এই অবস্থার জন্য ক্ষমতাসীন দল ও বিরোধী দলকে দায়ী করেন।
গার্ডিয়ান-এর খবরে বলা হয়, অবশেষে রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে দীর্ঘ প্রতীক্ষিত ও ব্যাপক আশঙ্কার সেই নির্বাচন। বিরোধীরা এই নির্বাচনকে ‘প্রহসন’ হিসেবে অভিহিত করে ৪৮ ঘণ্টার হরতাল দিয়েছে। দেশটিতে রাজনৈতিক সহিংসতায় পাঁচ শতাধিক মানুষ নিহত ও ২০ হাজারের বেশি মানুষ জখম হয়েছে।
আর যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ওয়াশিংটন পোস্ট-এর শিরোনাম ছিল, ‘অসম্ভব সহিংসতার মুখে নির্বাচন হচ্ছে বাংলাদেশে’। বার্তা সংস্থা এপির তৈরি ওই প্রতিবেদনে বলা হয়, ‘বাংলাদেশে রোববারের সাধারণ নির্বাচনের আগেই রাজপথে রক্তক্ষয়ী সংঘাত ও তীব্র রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা ঘটেছে। এই নির্বাচনের ফলে দক্ষিণ এশিয়ার দেশটির সংকট আরও তীব্রতর হবে।’
বাংলাদেশ নিয়ে এপির এই সংবাদ প্রতিবেদনটি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের আরেকটি সম্প্রচার প্রতিষ্ঠান এবিসি নিউজ।
নির্বাচনের আগে রাজনৈতিক সহিংসতা ও নৈরাজ্যের কারণে বাংলাদেশকে ঘিরে ধরেছে অনিশ্চিয়তা—এ কথা উল্লেখ করে সৌদি আরব থেকে প্রকাশিত আরব নিউজ-এর খবরের শিরোনাম দিয়েছে, ‘বাংলাদেশে রাজনৈতিক সংকট সমাধানের চাবি শেখ হাসিনার হাতে’। পত্রিকাটির মতে, সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে শেখ হাসিনাই আজকের এই অচলাবস্থার সৃষ্টি করেছেন। কাজেই সংকটের সমাধান তাঁর হাতে। কেননা, বর্তমান সংসদ এখনো বিলুপ্ত হয়নি। প্রধানমন্ত্রী চাইলে সংসদ অধিবেশন ডেকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করতে পারেন বলে জানিয়েছেন সংবিধান বিশেষজ্ঞরা।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে প্রকাশিত খালিজ টাইমস ছেপেছে বার্তা সংস্থা এএফপির পরিবেশিত খবর। তাদের শিরোনাম ছিল, ‘বাংলাদেশে একজন নিহত, কয়েক ডজন ভোটকেন্দ্রে আগুন।’
পাকিস্তানের প্রভাবশালী ডন পত্রিকাও এএফপির গতকালের ওই খবরটি প্রকাশ করেছে তাঁদের অনলাইনে। তবে আগের দিন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে পত্রিকাটির একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদনের শিরোনাম ছিল, ‘ডেটলাইন ঢাকা: অস্থিতিশীল রাষ্ট্রের (ব্যানানা রিপাবলিক) পথে?’
ভারতের কলকাতা থেকে প্রকাশিত টেলিগ্রাফ পত্রিকার শিরোনাম, ‘বাংলাদেশে নির্বাচনের ফলাফল নিশ্চিত, ভবিষ্যৎ অজানা’। রাজধানী ঢাকার নির্বাচনী চিত্র উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করায় নির্বাচন বয়কট করছে প্রধান বিরোধী দল বিএনপি। এতে নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে। অর্থনৈতিক অচলাবস্থা এবং আরও বেশি সহিংসতার আশঙ্কা সৃষ্টি হয়েছে।
দুই নেত্রীর পারস্পরিক বিদ্বেষের বিষয়টি উল্লেখ করে ভারতের প্রভাবশালী পত্রিকা টাইমস অব ইন্ডিয়ার খবরের শিরোনাম দেওয়া হয়, ‘বাংলাদেশকে খাদের কিনারে নিলেন যুযুধান দুই বেগম’। বার্তা সংস্থা এএফপি পরিবেশিত ওই খবরে বলা হয়, বাংলাদেশের এই দুই যুযুধান বেগম মিলে দুই দশক আগে এক স্বৈরশাসককে হটিয়ে গণতন্ত্রের নতুন যুগের সূচনা করেছিলেন। কিন্তু শেখ হাসিনা এবং খালেদা জিয়ার দ্বন্দ্ব আবারও দেশটিকে খাদের কিনারে নিয়ে দাঁড় করাতে যাচ্ছে।
এ ছাড়া বাংলাদেশ নিয়ে গতকাল বার্তা সংস্থা রয়টার্সের খবরের শিরোনাম ছিল, ‘বাংলাদেশে বিতর্কিত নির্বাচনের আগে নতুন করে সহিংসতা’ আর ভারতের হিন্দুস্তান টাইমস-এর শিরোনাম ছিল, ‘বাংলাদেশকে অবশ্যই তার অসাম্প্রদায়িক অবস্থান রক্ষা করতে হবে।’