
প্রথম ধাপের উপজেলা নির্বাচন ছিল শান্তিপূর্ণ। দ্বিতীয় ধাপে অল্প কিছু এলাকায় সহিংস ঘটনা ঘটেছিল। আর গতকাল শনিবার তৃতীয় ধাপে সহিংসতা ও ভোট জালিয়াতি মাত্রা ছাড়িয়েছে।
গতকাল ৮১টি উপজেলায় ভোট গ্রহণকালে সহিংসতায় বাগেরহাট সদর ও শরীয়তপুরের নড়িয়ায় দুজন নিহত হয়েছেন। বিভিন্ন এলাকায় ব্যালট ছিনতাই ও সংঘর্ষে আহত হয়েছেন দুই শতাধিক। এ ছাড়া নেত্রকোনার মদন উপজেলায় ২৩ মার্চ ভোট গ্রহণ। গতকাল সেখানে নির্বাচনী সহিংসতায় একজন মারা যান। ফলে নির্বাচনী সহিংসতায় গতকাল তিনজনের মৃত্যু হলো।
নির্বাচনে ভোট কারচুপি ছাড়াও কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, এজেন্টদের বের করে দেওয়া, জোর করে সিল মারার ঘটনাগুলো সরকার ও নির্বাচন কমিশনের সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকারকে প্রশ্নবিদ্ধ করেছে। এ পরিস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিরউদ্দীন আহমদের বিদেশ সফর নিয়ে প্রশ্ন উঠেছে। আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম বলেছেন, তিনি অনেক দিন ধরেই ছুটি চাচ্ছিলেন। এতগুলো নির্বাচন করে তিনি ক্লান্ত।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়, জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী, গতকাল দুই শতাধিক এলাকায় সংঘর্ষ ও ভোট কারচুপির ঘটনা ঘটেছে। নির্বাচন কমিশনের হিসাবে শেষ খবর পাওয়া পর্যন্ত ২৬টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। মোট ভোটকেন্দ্রের সংখ্যা পাঁচ হাজার ৪৪৪।
ব্যালট বাক্স ছিনতাইয়ের সময় শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভূমখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে পুলিশের গুলিতে রিপন মাঝি (২৬) নামের এক যুবক মারা গেছেন। তিনি আওয়ামী লীগ-সমর্থিত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বেপারীর পোলিং এজেন্ট ছিলেন। ওই ভোটকেন্দ্র থেকে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করলে পুলিশ ১৪টি গুলি ছুড়ে। এখানে আহত হন আরও পাঁচজন।
বাগেরহাট সদর উপজেলায় প্রতিপক্ষের হামলায় ইসলামী ছাত্রশিবিরের কর্মী মাঞ্জারাল ইসলাম নিহত হয়েছেন। ওই জেলার পাঁচটি উপজেলায় বিক্ষিপ্ত ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় অর্ধশত। রামপাল, মোরেলগঞ্জ এবং শরণখোলায় বিএনপি-সমর্থিত প্রার্থীরা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। ওই তিনটিসহ বাগেরহাট সদরে আজ রোববার হরতাল ডেকেছে বিএনপি।
এদিকে ২৩ মার্চ অনুষ্ঠেয় নেত্রকোনার মদন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীর পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে দুই দলের মধ্যে সংঘর্ষে গেনু মিয়া (৩২) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা যান। গতকাল সকাল ১০টার দিকে ফতেপুর ইউনিয়নের ছত্রকোনা মোড়ে বিএনপির-সমর্থিত প্রার্থী এম এ হারেছ এবং বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলামের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
দাগনভূঞায় ১১ প্রার্থীর নির্বাচন প্রত্যাখ্যান: ফেনীর দাগনভূঞায় তিন চেয়ারম্যান পদপ্রার্থীসহ মোট ১১ প্রার্থী সংবাদ সম্মেলন করে নির্বাচন প্রত্যাখ্যান করেছেন। আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী দিদারুল কবিরের পক্ষে ভোটকেন্দ্র দখল ও ভোট ডাকাতির অভিযোগ তোলেন তাঁরা। সহিংসতার কারণে ওই উপজেলার তিনটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৯০টি গুলি এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। সংঘর্ষে অন্তত ১৫ ব্যক্তি আহত হয়েছেন।
প্রতিপক্ষ প্রার্থীদের অভিযোগ, নির্বাচনে ৬২টি ভোটকেন্দ্রের মধ্যে অন্তত ৫০টি আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী দিদারুল কবিরের সমর্থকেরা দখল করেন।
বরিশালে সংঘর্ষ ও জালিয়াতি: বরিশালের বাবুগঞ্জ, হিজলা ও মুলাদী উপজেলায় ভোটকেন্দ্র দখল, ভোট জালিয়াতি এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। বাবুগঞ্জের ২০টি কেন্দ্রে পুনর্নির্বাচন দাবি করেছে বিএনপি। মুলাদীতে আওয়ামী লীগ-সমির্থত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তুলে চার প্রার্থী বেলা ১১টার দিকে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। বাবুগঞ্জে ভোট কারচুপি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় প্রায় দিনভর উপজেলাজুড়ে ছিল আতঙ্ক।
সেনবাগে কারচুপি করতে গিয়ে প্রার্থী ঘেরাও: নোয়াখালীর সেনবাগে সরকারি দল-সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম সমর্থকদের নিয়ে মোহাম্মদপুর ইউনিয়নের আবদুল কাদের আইডিয়াল একাডেমি কেন্দ্রে যান। তাঁদের বিরুদ্ধে ব্যালট ছিনতাই করে সিল মারার অভিযোগ ওঠে। এ সময় বিএনপি-সমর্থিত প্রার্থী আবুল কালামের সমর্থকেরা জাহাঙ্গীর আলম ও তাঁর সমর্থকদের ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশ গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজিবি ও পুলিশ জাহাঙ্গীর আলমকে এলাকা ছাড়তে সহায়তা করে। এ ঘটনা চলার সময় পৌনে এক ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ ছিল।
সীতাকুণ্ডে ভোটার ঠেকাতে মহড়া: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার চৌধুরীপাড়ায় ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য ৩০-৩৫ জনের একটি দল সকাল থেকেই মহড়া দেয়। এ এলাকাটি জামায়াত-অধ্যুষিত বলে পরিচিত। ওই এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য কয়েকটি বাড়ি এবং একটি মোমবাতি কারখানায় আগুন দেওয়া হয়। এসব ঘটনার জন্য সরকারদলীয় প্রার্থী ও উত্তর জেলা যুবলীগের সভাপতি এস এম আল মামুনের সমর্থকদের দায়ী করা হয়েছে। এ ছাড়া বারৈয়ারঢালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দিদারুল আলম নামের এক বিএনপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে।
দুই আ.লীগ নেতা গ্রেপ্তার: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে ব্যালট পেপার ছিনতাইয়ে বাধা দেওয়ায় সরকারদলীয় সমর্থকেরা হামলা করেছেন। এতে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মাহবুবুর রহমান, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নজরুল ইসলাম ও আনসার সদস্য আলাউদ্দিন আহত হন। এ সময় প্রায় এক ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ ছিল। পুলিশ স্থানীয় বলিভদ্র ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক জহিরউদ্দিন ও দলের নেতা আবদুর রহিমকে আটক করেছে।
বিভিন্ন কেন্দ্রে সংঘর্ষ: ভোলা সদর উপজেলার কয়েকটি কেন্দ্রে নির্বাচনী সহিংসতায় ৬২ জন আহত হয়েছেন। কয়েকটি কেন্দ্র থেকে বিএনপি-সমর্থিত প্রার্থীর পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।
নেত্রকোনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে সরকারি দল-সমর্থিত প্রার্থী এস এম কামরুল হাসানের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তুলে বিদ্রোহী প্রার্থী ওমর ফারুক নির্বাচন বর্জন করেছেন।
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভোট বর্জন করে আবার তা গ্রহণের দাবি করেছেন বিএনপি-সমর্থিত প্রার্থী ফজলুর রহমান।
শরীয়তপুর সদর উপজেলা নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী মাহবুব মোর্শেদ ভোটকেন্দ্র দখলের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেন। ভোটকেন্দ্র দখলের ঘটনাকে কেন্দ্র করে রাজশাহীতে চারঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি একরামুল হককে কুপিয়ে জখম করেছেন বিএনপি-সমর্থকেরা। এ ছাড়া দুর্গাপুর উপজেলায় বিচ্ছিন্ন সংঘর্ষে ১১ জন আহত হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তিনটি কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াতের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। রানীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ-সমর্থকদের সঙ্গে বিএনপি ও জামায়াত- সমর্থকদের সংঘর্ষের একপর্যায়ে ককটেল বিস্ফোরিত হয়। জামায়াত-শিবিরের কর্মীরা মোহনা টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি তারেক রহমানকে মারধর করে ক্যামেরা কেড়ে নেন। এ ছাড়া প্রায় আধা ঘণ্টা ভোট গ্রহন বন্ধ ছিল দাদনচক আদিনা ফজলুল হক সরকারি কলেজ কেন্দ্রে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিমাডাঙ্গা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছিনতাই হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ-সমর্থিত দুই চেয়ারম্যান প্রার্থী সোলায়ম্যান বিশ্বাস ও গাজী গোলাম মোস্তফার সমর্থকদের মধ্যে প্রায় দুই ঘণ্টা সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠিচার্জ ও গুলিবর্ষণ করেন।
কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ নির্বাচনে হলোখানা দ্বিমুখী উচ্চবিদ্যালয় কেন্দ্র ভাঙচুর, ৩০০ ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় ভোট গ্রহণ বন্ধ হয়ে যায়। স্ট্রাইকিং ফোর্সের সহযোগিতায় এক ঘণ্টা পর ফের ভোট গ্রহণ শুরু হয়। জেলার কিশলয় আদর্শ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধলে স্ট্রাইকিং ফোর্স লাঠিচার্জ করে। নবনুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জি এম নজরুল ইসলাম ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
সাতক্ষীরার কালীগঞ্জের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের কাছ থেকে রতনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলাম খোকনকে (৪২) একটি পিস্তলসহ আটক করা হয়েছে। বেলা সাড়ে ১১টায় দিকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল পিস্তলসহ তাঁকে আটক করেন। সরাত আলী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে জামায়াত-সমর্থকদের ভোট কারচুপিতে বাধা দেওয়ায় রতনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী (৪২) গুলিবিদ্ধ হন। ভদ্রখালী কেন্দ্রে জামায়াতের দুই কর্মীকে মারধর করেন আওয়ামী লীগের কর্মীরা।
ভোলা সদর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী, পুলিশ, প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে বিএনপি-সমর্থিত প্রার্থী মো. ফারুক মিয়া আবার নির্বাচন দাবি করেছেন।
ভোলা পৌরসভার আলিয়া মাদ্রাসা কেন্দ্রে একদল সন্ত্রাসী বোমা ফাটিয়ে কেন্দ্রে হামলা করে ১০টি ব্যলট বাক্স ছিনতাই করে। এ সময় প্রিসাইডিং-পোলিং কর্মকর্তা, পোলিং এজেন্ট, আনসারসহ ১০ জনকে পিটিয়ে জখম করা হয়। ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
প্রথম ধাপের ৯৭টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয় গত ১৯ ফেব্রুয়ারি। দ্বিতীয় ধাপে ২৭ ফেব্রুয়ারি ১১৫টি উপজেলায় ভোট হয়। দুটি ধাপেই ভালো ফল করায় বিএনপির প্রার্থীরা ভোটের ময়দানে উজ্জীবিত হয়ে ওঠেন।
স্থানীয় সরকারের নির্বাচন অরাজনৈতিকভাবে হওয়ার কথা। কিন্তু রাজনৈতিক আবহের মধ্যে গতকালও ভোটাররা ভোট দিয়েছেন পছন্দের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীকে।
৮১ উপজেলায় ভোট
চেয়ারম্যান পদে ৭৭টির বেসরকারি ফল (রাত একটা পর্যন্ত)
৩৭
আ.লীগ-সমর্থিত প্রার্থী জয়ী
২৬
বিএনপি-সমর্থিত প্রার্থী জয়ী
৭
জামায়াত-সমর্থিত প্রার্থী জয়ী
৭
বিদ্রোহী ও অন্যান্য প্রার্থী জয়ী
০
জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী জয়ী