প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধরনের সন্ত্রাস, সহিংসতা ও চরমপন্থার ব্যাপারে তাঁর সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির প্রতি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, এ ধরনের সমস্যা বিশ্বশান্তি ও প্রবৃদ্ধির পথে প্রধান অন্তরায়। তাঁর সরকার সব ধরনের সন্ত্রাস ও সহিংসতার নিন্দা করে আসছে।
গতকাল শুক্রবার ইতালির মিলান শহরে ১০তম আসেম শীর্ষ সম্মেলনের সমাপনী দিনে ‘এশিয়া ও ইউরোপের মধ্যকার সংলাপ এবং আসেমের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ’ শীর্ষক অধিবেশনে দেওয়া ভাষণে শেখ হাসিনা এসব কথা বলেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রী তাঁর ভাষণে গত বছর বাংলাদেশের অগ্রগতি ও ধর্মনিরপেক্ষ নীতি ধ্বংস করতে সন্ত্রাসী ও চরমপন্থী দলগুলোর বর্বর কর্মকাণ্ড তুলে ধরেন। প্রধানমন্ত্রী কোনো দেশের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে কোনো ব্যক্তি বা দলকে বাংলাদেশের মাটি ব্যবহার করতে না দেওয়ার তাঁর সরকারের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। বৈশ্বিক প্রেক্ষাপটে তিনি সন্ত্রাস ও চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটি কৌশল প্রণয়নে জাতিসংঘের প্রতি আহ্বান জানান।
সম্প্রতি গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি নৃশংসতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও এ গণহত্যার নিন্দা জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মতো জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির সম্মুখীন দেশগুলোর পক্ষ থেকে ব্যাপক হারে কার্বন নির্গমনকারী দেশগুলোর প্রতি তাদের স্বতঃস্ফূর্ত অঙ্গীকার পূরণের আহ্বান জানান।

বাংলাদেশে উন্নয়নে আগ্রহী নেদারল্যান্ডস: বাংলাদেশের সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দরে বিনিয়োগসহ আরও উন্নয়ন প্রকল্পে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। গত বৃহস্পতিবার ইতালির মিলানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠককালে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রাট এই আগ্রহ প্রকাশ করেন।
বৈঠক শেষে পররাষ্ট্রসচিব এম শহিদুল হক সাংবাদিকদের জানান, বাংলাদেশের আর্থসামাজিক খাতে ব্যাপক সাফল্যের প্রশংসা করেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী। তিনি কৃষি গবেষণা ও উন্নয়নে বাংলাদেশের উদ্ভাবন এবং জলবায়ু পরিবর্তন ও বন্যা মোকাবিলায় দেশটির অভিজ্ঞতা তুলনাহীন বলে উল্লেখ করেন। মার্ক রাট বলেন, এসব বিষয়ে বাংলাদেশের কাছ থেকে নেদারল্যান্ডসের অনেক কিছু শেখার আছে।
হাসিনা-পুতিন বৈঠক: একই দিন সন্ধ্যায় বৈঠক করেন শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আসেম নেতাদের সম্মানে মিলানের সাল দেলে কেরিয়াতিডি প্রাসাদে ইতালির প্রেসিডেন্ট জর্জিও নেপলিতানোর দেওয়া নৈশভোজের সময় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উভয় নেতা এশিয়া ও ইউরোপের উন্নয়নে আসেমভুক্ত দেশগুলোর যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা আশা প্রকাশ করেন যে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে আর্থসামাজিক সম্পর্ক আগামী দিনগুলোতে আরও জোরদার করা হবে।