সহিংসতা ও বলপ্রয়োগ বন্ধ করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)
হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সৃষ্ট বিস্ফোরণোন্মুখ রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধী দলের বিক্ষোভকারীদের সহিংসতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগ বন্ধের আহ্বান জানিয়েছে নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটি সহিংসতা অবসানে সরকার ও বিরোধী দল—এ উভয় পক্ষকে কাজ করারও আহ্বান জানিয়েছে।
গত বুধবার এইচআরডব্লিউর এশিয়া বিভাগের পরিচালক ব্র্যাড অ্যাডামস সংস্থার ওয়েবসাইটে প্রকাশ করা এক বিবৃতিতে এ আহ্বান জানান। এতে বলা হয়, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারি ও নির্দলীয়ভাবে কাজ করা উচিত। নির্বাচন-পূর্ব সহিংসতায় ইতিমধ্যে অনেক প্রাণ ঝরে গেছে। আরও মৃত্যু ও সহিংসতা এড়াতে দুই পক্ষের নেতাদের জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া উচিত। সরকারের উচিত বলপ্রয়োগের ক্ষেত্রে জাতিসংঘের মৌলিক নীতিমালা অনুসরণ করতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেওয়া।
বিক্ষোভকারীদের সহিংসতা ও নিরাপত্তা বাহিনীর বেআইনি বলপ্রয়োগের ঘটনা নিরপেক্ষভাবে আগাগোড়া তদন্ত এবং এসব ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিচার করতে সরকারের বাধ্যবাধকতা রয়েছে বলেও বিবৃতিতে বলা হয়।
বিবৃতিতে, সংঘটিত হতাহতের জন্য বিক্ষোভকারীদেরও দায়ী করা হয়। বলা হয়, বিক্ষোভকারীদের বোমায় অন্তত চার শিশু আহত হয়েছে। নিহত হয়েছেন কয়েকজন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একজন সদস্য।
২৮ নভেম্বর শাহবাগে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলা ও গত বুধবার গাইবান্ধায় রেললাইন তুলে ফেলায় ট্রেন দুর্ঘটনায় প্রাণহানির বিষয়টি উল্লেখ করা হয় বিবৃতিতে।
ব্র্যাড অ্যাডামস বলেন, ‘সহিংসতায় বিরোধীদলীয় নেতাদের উসকানি দেওয়া উচিত নয়। বিক্ষোভকে শান্তিপূর্ণ রাখতে তাঁদের দায়িত্ব রয়েছে।’