সহিংসতা ও বলপ্রয়োগ বন্ধ করুন: এইচআরডব্লিউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিরোধী দলের বিক্ষোভকারীদের সহিংসতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগ বন্ধের আহ্বান জানিয়েছে নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
গতকাল বুধবার সংস্থাটির এশিয়া বিভাগের পরিচালক ব্র্যাড অ্যাডামস এক বিবৃতিতে এ আহ্বান জানান। এইচআরডব্লিউয়ের ওয়েবসাইটে এ বিবৃতি প্রকাশিত হয়।

অ্যাডামস তাঁর বিবৃতিতে বলেন, নির্বাচন-পূর্ব সহিংসতায় ইতিমধ্যে বাংলাদেশে অনেক প্রাণ ঝরে গেছে। আরও মৃত্যু ও সহিংসতা এড়াতে আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া উচিত। একমাত্র দায়িত্বশীল নেতৃত্বই এই অর্থহীন প্রাণহানি বন্ধ করতে পারে।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে নির্বাচনকালীন উত্তেজনা বিস্ফোরণোন্মুখ পর্যায়ে। এমন পরিস্থিতিতে বিরোধী দলের বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেআইনি শক্তি প্রয়োগের দীর্ঘ ইতিহাস দূর করে পেশাদারি ও নির্দলীয়ভাবে কাজ করা উচিত।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বিএনপির নেতৃত্বাধীন বিরোধীদলীয় জোট কয়েক সপ্তাহ ধরে দেশজুড়ে বড় ধরনের এবং প্রায়ই সহিংস বিক্ষোভ করে আসছে। এই সময়ে নিরাপত্তা বাহিনী অতিরিক্ত বলপ্রয়োগ করেছে।
এইচআরডব্লিউ বলেছে, সাম্প্রতিক বিক্ষোভে এখন পর্যন্ত পথচারীসহ অন্তত ৪০ জন নিহত হয়েছে। মানবাধিকার সংস্থা অধিকারের তথ্যমতে, নভেম্বরে বিক্ষোভে আহত হয়েছে চার হাজারেরও বেশি।
এইচআরডব্লিউয়ের বিবৃতিতে বলা হয়, বিক্ষোভের সময় সংঘটিত অধিকাংশ হতাহতের ঘটনায় বিক্ষোভকারীরাই দায়ী। বিক্ষোভকারীদের ছোড়া বোমায় অন্তত চার শিশু আহত হয়েছে। নিরাপত্তা বাহিনীর বেশ কিছু সদস্যও আহত হয়েছেন। বেশ কয়েকজন পুলিশ ও বিজিবি সদস্য নিহত হয়েছেন।
২৮ নভেম্বর শাহবাগে যাত্রীবাহী একটি বাসে অজ্ঞাত আন্দোলনকারীদের পেট্রলবোমা হামলা ও হতাহতের বিষয়টি বিবৃতিতে উঠে এসেছে। এইচআরডব্লিউ বলছে, ওই ঘটনার জন্য আওয়ামী লীগ ও বিএনপি পরস্পরকে দোষারোপ করেছে। গতকাল গাইবান্ধায় রেললাইন তুলে ফেলা ও হতাহতের ঘটনাও উল্লেখ আছে বিবৃতিতে। এ জন্য বিএনপির নেতৃত্বাধীন জোটের অন্যতম দল জামায়াতকে দায়ী করেছে সরকার।
ব্র্যাড অ্যাডামস বিবৃতিতে বলেন, এই সহিংসতায় বিরোধীদলীয় নেতাদের উসকানি দেওয়া উচিত নয়। বিক্ষোভকে শান্তিপূর্ণ রাখা তাদের দায়িত্ব। কর্মীরা অপরাধ করলে সংশ্লিষ্টদের বিচারের মুখোমুখি করতে কর্তৃপক্ষকে সহায়তা করা রাজনৈতিক নেতাদের দায়িত্ব।
পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মুখপাত্ররা নিশ্চিত করেছেন, দেশজুড়ে অনেক ঘটনায় বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। তবে এসব ঘটনায় হতাহতের সঠিক সংখ্যা কখনো প্রকাশ করা হয়নি। সাংবাদিকদের বিভিন্ন প্রতিবেদন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাঁদানে গ্যাস ও গুলি ছুড়েছেন।
বিক্ষোভকারীদের সহিংসতা ও নিরাপত্তা বাহিনীর বেআইনি বল প্রয়োগের ঘটনা নিরপেক্ষভাবে আগাগোড়া তদন্ত করতে বাংলাদেশ সরকার বাধ্য। এসব ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিচার করতেও সরকার বাধ্য। অতীতে জোরালো তথ্যপ্রমাণ থাকা সত্ত্বেও বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর বেআইনি হত্যাকাণ্ডের ঘটনার কোনো বিচার করেনি সরকার।
বিরোধী দলে থাকা অবস্থায় দলের সমর্থকেরা যে অবিচারের শিকার হয়েছিল, ক্ষমতাসীন আওয়ামী লীগকে তা স্মরণ করিয়ে এইচআরডব্লিউ বলেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো যাতে আইনের মধ্যে থেকে দায়িত্ব পালন করে, সরকারের তা নিশ্চিত করা উচিত।

এইচআরডব্লিউ বলেছে, সরকারের উচিত বলপ্রয়োগের ক্ষেত্রে জাতিসংঘের মৌলিক নীতিমালা অনুসরণে নিরাপত্তা বাহিনীকে প্রকাশ্যে নিদেশ দেওয়া।