সহিংসতা ও সাম্প্রদায়িকতা রুখে দাঁড়ানোর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সহিংসতার কারণে গাড়িচালক বাবার জীবন নিয়ে শঙ্কায় থাকার কথা জানাচ্ছে সপ্তম শ্রেণীর ছাত্রী মিতু আক্তার ষ প্রথম আলো
সহিংসতার কারণে গাড়িচালক বাবার জীবন নিয়ে শঙ্কায় থাকার কথা জানাচ্ছে সপ্তম শ্রেণীর ছাত্রী মিতু আক্তার ষ প্রথম আলো

ঢাকায় একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে পড়ে মিতু আক্তার। দিনের পর দিন হরতাল-অবরোধে মেয়েটির পড়ালেখায় বিঘ্ন হয়। পাশাপাশি মিতুর ভাবনা তার অটোরিকশাচালক বাবাকে নিয়ে। কেননা, হরতাল-অবরোধে নির্বিচারে জ্বালানো হয় পরিবহন। তার পরও মিতুর বাবাকে বের হতেই হয়। কারণ, বের না হলে সংসার চলে না। মিতু এই দুঃসহ অবস্থা থেকে মুক্তি চায়। রাজনীতিবিদদের প্রতি ওর তাই অনুরোধ, ‘আপনাদের যা সমস্যা তা নিজেরা মেটান। আমরা তো রাজনীতি করি না। আমাদের কষ্ট দেন ক্যান?’
আরেকজন। টাঙ্গাইলের ভূঞাপুরের ফলদা গ্রামের সরণ দত্ত। মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর এক রাতে গ্রামের ১২০ বছরের পুরোনো কালীমন্দির গুঁড়িয়ে দেয় সন্ত্রাসীরা। সরণ দত্ত বলছিলেন, ‘কেবল ভেঙেই ক্ষান্ত হয়নি ওরা। ভাঙা মূর্তি নিয়ে নৃত্য করতে থাকে।’
গতকাল শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে ‘রাজনৈতিক সহিংসতা ও সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে’ আয়োজিত প্রতিবাদ সভায় দাঁড়িয়ে এভাবেই নিজেদের দুর্দশার কথা বলছিলেন দুজন। ওঁদের কথা শুনে সভার সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলছিলেন, ‘১৯৭১-এর মুক্তিযুদ্ধের সময় ভাবিনি, বাংলাদেশ স্বাধীন হলে সাম্প্রদায়িকতা ফিরে আসবে। এর বিরুদ্ধে কথা বলতে হবে।’
নাগরিক সংগঠন রুখে দাঁড়াও বাংলাদেশ আয়োজিত এ সভায় তিনি বললেন, ‘এক বছরের বেশি সময় ধরে সাম্প্রদায়িক নির্যাতন শুরু হয়েছে। কিন্তু রাজনৈতিক নেতৃত্ব সদিচ্ছা নিয়ে এগিয়ে আসছে না এসব বন্ধ করতে।’
গত ৭১ ঘণ্টার অবরোধে ২২ জন নিহত হয়েছেন, এ কথা জানিয়ে সভার আলোচক আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বললেন, দিনের পর দিন এভাবে সংঘাত ছড়ালেও সরকার বিরোধী দলকে আর বিরোধী দল সরকারকে দায়ী করছে।
অবরোধ ও হরতালে সৃষ্টি হওয়া সহিংসতা অন্য সব সহিংসতাকে হার মানিয়েছে বলে মনে করেন সভার আরেক আলোচক তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধূরী। তিনি বলেন, ‘জনগণ অত্যন্ত শক্তিশালী। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতাকে তারা এক-তৃতীয়াংশে পরিণত করতে পারে।’
সভার সঞ্চালক অধ্যাপক এম এম আকাশ বললেন, ‘আমরা ধর্মকে নিয়ে রাজনীতি আর পাকিস্তানপন্থী বাংলাদেশ হতে দেব না।’
সভায় ঘোষণাপত্র পাঠ করেন ‘রুখে দাঁড়াও বাংলাদেশ’-এর সদস্য সারওয়ার আলী। বলা হয়, উপর্যুপরি হরতালে জনদুর্ভোগ অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। পরিস্থিতি রাজনৈতিকভাবে মোকাবিলার পরিবর্তে সরকার বিরোধী দলের নেতাদের গ্রেপ্তার করে সমস্যা ঘনীভূত হয়েছে।