সহিংসতা কম, কারচুপি নীরবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়ন পরিষদের ছয়বারের নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ তৌফিক আহাম্মদ গতকাল শনিবারের নির্বাচন বর্জন করেছেন। তাঁর অভিযোগ, সরকারদলীয় প্রার্থীরা কেন্দ্র দখল করে নিজেরাই সিল মেরেছেন। তবে আওয়ামী লীগ এই অভিযোগকে ভিত্তিহীন দাবি করে বলেছে, নির্বাচন সুষ্ঠু হয়েছে। আর প্রশাসন বলছে, এই ইউনিয়নের কোথাও কোনো সহিংসতা হয়নি।
ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লার বেশির ভাগ ইউনিয়নের নির্বাচনী পরিস্থিতি ছিল জাহাপুরের মতোই। বিভিন্ন কেন্দ্রের ভোটারদের অনেকেই অভিযোগ করেন যে চেয়ারম্যান পদে প্রকাশ্যে সিল মারতে হয়েছে। আওয়ামী লীগের বিদ্রোহী ও বিএনপির প্রার্থীরা বলেছেন, সরকারি দলের প্রার্থীরা কেন্দ্র দখল করে সর্বত্র নীরব কারচুপি করেছেন। তবে গতকাল বিকেলে ভোট গ্রহণ শেষে জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বিচ্ছিন্নভাবে কয়েকটি ঘটনা ঘটলেও বড় ধরনের কোনো সহিংসতা হয়নি। আগের পাঁচ ধাপের চেয়ে এবার অনেক ভালো নির্বাচন হয়েছে।’ বিরোধীদলীয় প্রার্থীদের নীরব কারচুপির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপির কোনো প্রার্থী আমাদের কাছে কোনো ধরনের অভিযোগ করেনি।’
শেষ ধাপে গতকাল কুমিল্লার ৪৪টি ইউনিয়নে নির্বাচন হয়েছে। এর মধ্যে মুরাদনগরেই ছিল ২০টি। এর বাইরে দাউদকান্দির ১২টি, সদর দক্ষিণের ৭টি, দেবীদ্বারের ৩টি ও নাঙ্গলকোট উপজেলার ২টি ইউনিয়নে নির্বাচন হয়েছে।
ভোট গ্রহণ শুরুর পরপরই দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের স্বল্প পেন্নাই দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা যায়, আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলের প্রার্থীই আছেন। বিল্লাল হোসেন ও শহিদুল্লাহ নামে দুই ভোটার বলেন, ভোটের পরিবেশ ভালো থাকলে ভোট দিয়ে আনন্দ পান।
এই ইউনিয়নের আরও দুটি কেন্দ্র সরকারপুর সরকারি ও দৈয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকালে গিয়ে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন। দুপুরেই শোনা গেল, এই দুই কেন্দ্রের দখল নিয়ে মারামারি হয়েছে। এর মধ্যে সরকারপুরে আওয়ামী লীগের লোকজন কেন্দ্র দখল করতে গেলে বাধা দেন বিএনপির লোকজন। দুই পক্ষে গোলাগুলি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে দাউদকান্দি থানার উপপরিদর্শক তপন কুমার, সহকারী উপপরিদর্শক দেলোয়ার হোসেন, কনস্টেবল শামসুদ্দিন, সেলিম ও নূরে আলম আহত হন। সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নজরুল ইসলামও আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অন্তত ৫৫টি গুলি ছোড়ে। একপর্যায়ে বেলা দুইটা থেকে সোয়া তিনটা পর্যন্ত ভোট গ্রহণ বন্ধ থাকে। পরে জেলা পুলিশ ও ঊধ্বর্তন কর্মকর্তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
রাস্তার দুই ধারের সবুজ গাছপালা আর জলাভূমি পেরিয়ে মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি, ধামঘর, দারোরা, চাপিতলা, যাত্রাপুর, আন্দিকুট, জাহাপুরসহ বিভিন্ন ইউনিয়নে গিয়েও ভোটারদের লাইন চোখে পড়ল। তবে বিএনপির লোকজনের একটাই অভিযোগ, আওয়ামী লীগের লোকজন কেন্দ্রগুলো দখলে নিয়ে নীরবে সিল মারছেন।
সার্বিক পরিবেশ সম্পর্কে জানতে চাইলে কুমিল্লার জেলা প্রশাসক ও আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভাপতি হাসানুজ্জামান কল্লোল প্রথম আলোকে বলেন, গৌরীপুরে একটি ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা হয়েছে। সেখানে একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ কয়েকজন আহত হয়েছেন। একটি কেন্দ্র থেকে ১৮টি ককটেল উদ্ধার করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত চারজনকে জেলে পাঠিয়েছেন। এটুকু বাদ দিলে আগের পাঁচ ধাপের চেয়ে এবারের নির্বাচন অপেক্ষাকৃত ভালো হয়েছে।