সহিংসতা করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখা বন্ধ করুন: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাওনা উড়ালসড়ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল এই উড়ালসড়ক উদ্বোধন করেন l ছবি: প্রথম আলো
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাওনা উড়ালসড়ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল এই উড়ালসড়ক উদ্বোধন করেন l ছবি: প্রথম আলো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত আন্দোলনের নামে সাধারণ মানুষকে পুড়িয়ে মারছে। এটা কোন ধরনের রাজনীতি? তিনি বলেন, গঠনমূলক রাজনীতি করুন, মানুষ যদি আপনাদের ক্ষমতায় দেখতে চায়, তাহলে অবশ্যই আপনারা ক্ষমতায় যাবেন। কিন্তু মানুষ না চাইলে ষড়যন্ত্র-সহিংসতা করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখা বন্ধ করুন।গাজীপুরের শ্রীপুরে মাওনা উড়ালসড়ক উদ্বোধন শেষে গতকাল শনিবার বিকেলে স্থানীয় পিয়ার আলী কলেজ মাঠে এক সুধী সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে বলেন, নিজের হাতটা একটু আগুনের ওপর রাখুন। একটা মোমবাতি জ্বালিয়ে তার ওপর হাতটা রেখে দেখুন যন্ত্রণাটা কী! তিনি বলেন, খালেদা জিয়ার কাছে জবাব চাই, মানুষকে পুড়িয়ে মারার অধিকার তাঁকে কে দিয়েছে? এই জবাবটা তাঁকে দেশের জনগণের কাছে দিতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত দেশের সম্পদ ধ্বংস করার কাজে লিপ্ত। তারা আন্দোলনের নামে তিন মাস ধরে সাধারণ মানুষের ওপর অমানুষিক নির্যাতন করেছে। পেট্রলবোমা দিয়ে শতাধিক মানুষকে পুড়িয়ে মেরেছে। ক্ষমতায় গিয়ে জনগণের সম্পদ লুণ্ঠন করার জন্য ওরা মরিয়া হয়ে উঠেছে। কিন্তু জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। কারণ জনগণ চায় উন্নয়ন ও শান্তি। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি দৃঢ়প্রত্যয়ের সঙ্গে ঘোষণা করতে চাই, জনগণের ভাগ্য নিয়ে আমরা কাউকে ছিনিমিনি খেলতে দেব না। জনবিরোধী কোনো কার্যকলাপ সহ্য করা হবে না।’

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাওনা উড়ালসড়ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল এই উড়ালসড়ক উদ্বোধন করেন l ছবি: প্রথম আলো
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাওনা উড়ালসড়ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল এই উড়ালসড়ক উদ্বোধন করেন l ছবি: প্রথম আলো

শেখ হাসিনা বলেন, দেশের অনেক শিক্ষিতজন বিএনপির সঙ্গে সরকার উৎখাতে তাল মিলিয়েছেন। যাঁদের মনুষ্যত্ববোধ রয়েছে, তাঁরা অন্তত এ জোটের সঙ্গে মানুষ মারার পক্ষে থাকতে পারেন না। জঙ্গিদের স্থান এ বাংলার মাটিতে হবে না।সুধী সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুর-৩ আসনের সাংসদ রহমত আলী। অন্যদের মধ্যে বক্তব্য দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম প্রধান, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল জলিল প্রমুখ।এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল সাড়ে চারটায় গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় পৌঁছান। সেখানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা উড়ালসড়ক উদ্বোধন করেন। ৪৫০ মিটার দৈর্ঘ্য এবং ১৯ মিটার প্রস্থ এই ফ্লাইওভার নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৭০ কোটি ২৩ লাখ টাকা।