প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ বলেছেন, সহিংসতা গণতন্ত্রের ভাষা নয়। গণতন্ত্রে সহিংসতার সুযোগ নেই। সহিংসতাকারীরা সন্ত্রাসী। তারা কোনো দলের হতে পারে না। তারা মানবতার শত্রু।
গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন প্রিসাইডিং কর্মকর্তা সাইদুল ইসলামসহ নির্বাচনকালীন সহিংসতায় আহত ব্যক্তিদের দেখার পর সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।
এর আগে নির্বাচনী সহিংসতায় দগ্ধ পুলিশ সদস্যদের দেখতে বার্ন ইউনিটে যান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) বেনজীর আহমেদ।
প্রিসাইডিং কর্মকর্তা সাইদুল গাইবান্ধার গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক। ৫ জানুয়ারি গোবিন্দগঞ্জের পোন্তার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দায়িত্ব পালন শেষে ব্যালট বাক্স নিয়ে উপজেলা কার্যালয়ে যাওয়ার পথে নির্বাচনবিরোধীদের ছোড়া পেট্রলবোমায় দগ্ধ হন তিনি। তাঁর শরীরের ১২ শতাংশ পুড়ে গেছে। একই ঘটনায় দগ্ধ গোবিন্দগঞ্জ সদর থানার কনস্টেবল আবুল কালাম আজাদও বার্ন ইউনিটে চিকিৎসাধীন। এ ছাড়া নির্বাচনকালীন দায়িত্ব পালনের সময়ে সহিংসতায় দগ্ধ হবিগঞ্জের বানিয়াচংয়ে নিরাপত্তাকর্মী আবদুল্লাহ এবং লক্ষ্মীপুরের রামগঞ্জে পেট্রলবোমায় দগ্ধ পুলিশের কনস্টেবল ইমাম উদ্দিন এবং নির্বাচনের আগে সহিংসতার শিকার ট্রাফিক পুলিশের এএসআই সাইদুল ইসলাম, নুরুন্নবী, চালক বায়েজিদ বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
সিইসি বলেন, ‘আহত ব্যক্তিরা রাজনীতির সঙ্গে জড়িত নন। তাঁরা সরকারি-বেসরকারি কর্মকর্তা। তাঁরা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে সহিংসতার শিকার হয়েছেন। আমরা দ্রুত তাঁদের সুস্থতা কামনা করছি। তাঁদের ক্ষতিপূরণের ব্যবস্থা করছি।’
নির্বাচনে পুলিশ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘পুলিশ ব্যর্থ না। পুলিশ যথাযথভাবে দায়িত্ব পালন করেছে। তাই হরতাল থাকা সত্ত্বেও নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় ছিল।’ তিনি বলেন, ‘নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে যেখানে যে ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেটা আমরা ঠিকই নেব।’
আইজিপি আরও বলেন, ‘কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। বিচ্ছিন্ন অপরাধমূলক তৎপরতা সংঘটিত হয়েছে। সেখানে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। আমার দৃঢ় বিশ্বাস, জনমনে স্বস্তি অবশ্যই ফিরে আসছে।’