আন্দোলনের সময় সহিংসতা ও নাশকতা সম্পূর্ণ পরিহার করার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা। আন্দোলন চলাকালে সহিংসতা যেন না হয়, সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে বিএনপিকে পরামর্শ দিয়েছেন তাঁরা।
গতকাল সোমবার বিকেলে গুলশানের একটি হোটেলে বিএনপির নেতাদের সঙ্গে বিভিন্ন দেশের কূটনীতিকদের বৈঠকে এই আহ্বান জানানো হয়। বৈঠকসংশ্লিষ্ট একাধিক সূত্রে এ খবর জানা গেছে।
বৈঠকের পর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা সাংবাদিকদের বলেন, ‘সহিংসতা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। বিএনপি হরতাল-অবরোধ কর্মসূচি বন্ধ করতে পারে। আমি হরতাল ঘৃণা করি।’ নির্বাচনের পর সংখ্যালঘুদের ওপর হামলা ও সন্ত্রাসের নিন্দা জানিয়ে তিনি বলেন, এসব বন্ধ করার জন্য বিএনপি পদক্ষেপ নিতে পারে।
বিরোধী দলের নেতাদের মুক্তি, দলীয় কার্যালয় খুলে দেওয়া ও তাঁদের অবাধে রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে মজীনা বলেন, সরকারের উচিত বিরোধী দলকে সুযোগ দেওয়া এবং বিরোধী দলেরও উচিত শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে এ সুযোগকে ব্যবহার করা। তিনি বলেন, বিএনপি অবরোধ ও হরতাল কর্মসূচি পরিহার করায় সংলাপের সুযোগ ও রাজনৈতিক একটি ক্ষেত্র তৈরি হয়েছে। দুই দলের মধ্যে দ্রুত সময়ে সংলাপ অনুষ্ঠান করে সব দলের অংশগ্রহণে একটি নির্বাচনের পথ উন্মুক্ত হতে পারে।
বৈঠকসংশ্লিষ্ট একটি সূত্র জানায়, বৈঠকে জামায়াতের সঙ্গে বিএনপির জোট কৌশলগত বলেও বিএনপির পক্ষ থেকে কূটনীতিকদের জানানো হয়েছে। বলা হয়েছে, তাঁদের জোট স্থায়ী নয়। জামায়াতের সঙ্গে বিএনপির আদর্শগত কোনো মিল নেই। সময় হলেই সম্পর্কের ব্যাপারে বিএনপির চেয়ারপারসন সিদ্ধান্ত নেবেন।
বিএনপির পক্ষ থেকে ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের ‘ভোটারবিহীন’ অবস্থার বিষয়ে একটি পর্যালোচনামূলক প্রতিবেদন কূটনীতিকদের কাছে তুলে ধরা হয়। এ ছাড়া ভোটকেন্দ্রের ভোটার অনুপস্থিতি, ব্যালট পেপার ছিনতাইসহ বিভিন্ন অনিয়মের ভিডিও তথ্যচিত্র দেখানো হয়।
বৈঠক শেষে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানা ৫ জানুয়ারি নির্বাচনে হতাশা ব্যক্ত করে সাংবাদিকদের বলেন, বাংলাদেশের জনগণ সেদিন তাঁদের ভোট দিতে পারেননি। বিএনপির অবরোধ-হরতাল কর্মসূচি বন্ধ করাকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, এর ফলে সংলাপের একটি ক্ষেত্র তৈরি হয়েছে। সরকারেরই উচিত এখন সংলাপের একটি পরিবেশ তৈরি করা। তাঁর মতে, জনগণ চাইলে সংলাপের মাধ্যমে সমঝোতায় সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন হতে পারে।
বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ছাড়াও কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেন, জার্মানির রাষ্ট্রদূত আলবার্ট কনিয়েসহ ২৪টি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং ভারত ও পাকিস্তানসহ ১০টি দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, সহসভাপতি শমসের মবিন চৌধুরী প্রমুখ।
পরে শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, কূটনীতিকেরা দ্রুত আলোচনার মাধ্যমে সংকট সমাধানের জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন। বিএনপির পক্ষ থেকে তাঁদের জানানো হয়েছে, তারা আলোচনার মাধ্যমে সংকটের সমাধান করতে চায়।
সংবাদ সম্মেলন করবেন খালেদা জিয়া: গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গতকাল রাত সাড়ে আটটায় ১৮-দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হয়। খালেদা জিয়ার সভাপতিত্বে দুই ঘণ্টাব্যাপী এ বৈঠকে জোটের শরিক দলগুলোর প্রধানেরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে এলডিপির সভাপতি অলি আহমদ সাংবাদিকদের বলেন, তাঁরা বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও জোটের আগামী দিনের আন্দোলন কর্মসূচি নিয়ে খালেদা জিয়া শিগগিরই একটি সংবাদ সম্মেলন করবেন। তবে কবে, কখন এই সংবাদ সম্মেলন হবে, তা তিনি জানাননি। অবশ্য দলের একটি সূত্র জানিয়েছে, আগামীকাল বুধবার এই সংবাদ সম্মেলন হতে পারে।
এর আগে সন্ধ্যা সাড়ে সাতটায় গুলশানের কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন নাসির আল বুসাইরি।