সহিংসতা চলছেই, দোকানপাট বন্ধ
শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত প্রিয়াংকা জুয়েলার্স বন্ধ, থানার পাশে অধীর কুমারের কীটনাশকের দোকানটিও খোলেনি। বন্ধ রয়েছে রমাপ্রসাদের কলেজ সড়কের চালের আড়ত। অন্য দিনের মতো চার রাস্তার মোড়ে ঋষি সম্প্রদায়ের জুতা পালিশওয়ালারাও বসেননি। এভাবে শহরের অনেক দোকানপাট বন্ধ রয়েছে। এই অবস্থা ঝিনাইদহের শৈলকুপা পৌরসভায়। ব্যবসায়ীরা বলছেন, লুটপাটের আশঙ্কায় তাঁরা দোকান খুলছেন না। কারণ নির্বাচনের পর ১৫ জানুয়ারি থেকে আওয়ামী লীগের দলীয় পরাজিত প্রার্থীর সমর্থকেরা শহরের বিভিন্ন দোকানপাটে হামলা চালিয়ে বন্ধ করে দেয়। পরাজিত প্রার্থীর সমর্থকদের দাবি, হিন্দু সম্প্রদায়ের লোকজন তাঁদের ভোট দেয়নি, ভোট দিয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে।রোববার সরেজমিনে দেখা গেছে, শৈলকুপা শহরের স্বর্ণকারপট্টি হিসেবে পরিচিত থানার সামনের অধিকাংশ দোকান বন্ধ। ওই এলাকার বড় দোকান প্রিয়াংকা জুয়েলার্সের মালিক কজ্জল দেকে শনিবার সকালে পিটিয়ে আহত করা হয়েছে। কজ্জল দে অভিযোগ করেন, ‘তিনি রাজনীতি করেন না। ভোট দিয়েছেন নিজের পছন্দের প্রার্থীকে।’ কিন্তু পরাজিত প্রার্থীর লোকজন তাঁদের প্রার্থীকে ভোট দেয়নি অভিযোগে দোকান থেকে বের করে তাঁকে রাস্তার ওপর ফেলে মারপিট করে। দোকানের মালিক নাম প্রকাশ না করার শর্তে জানান, দোকান না খুলতে হুমকি দেওয়ায় তিনি দোকান খুলতে সাহস পাচ্ছেন না। অন্য ব্যবাসয়ী জানান, শনিবার দুপুরে সন্ত্রাসীরা তাঁর দোকান বন্ধ করে দেয়, রোববার দুপুরে অর্ধেক খুলে রেখেছেন, পুরোটা খুলতে ভয় পাচ্ছেন।ব্যবসায়ীরা জানান, শহরের চার রাস্তার মোড়ে রয়েছে পালিশওয়ালাদের আট-নয়টি দোকান। তাঁরা বাজারপাড়ার বাসিন্দা ও ঋষি সম্প্রদায়ের লোক। শনিবার বাজার হামলা করার সময় তাঁদেরও তাড়িয়ে দেওয়া হয়। রোববার দুপুরে ওই স্থানে গিয়ে টেংরা দাস, ঘুনু দাস ও বলাই দাসকে দোকান বসিয়ে কাজ করতে দেখা গেছে। তাঁরা জানান, সারাক্ষণ ভয় করছে, তারপরও পেটের চিন্তায় দোকান খুলে বসেছেন। কেউ তাড়িয়ে দিলে আবারও চলে যাবেন। বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নেকবার হোসেন বলেন, কোনো কিছু ঘটলে ব্যবসায়ীদের ওপর হামলা, দোকান ভাঙচুর করা খুবই দুঃখজনক। তিনি বলেন, বর্তমানে ব্যবসায়ীরা লুটপাটের আশঙ্কায় দোকান খুলতে পারছেন না। এ ব্যাপারে শৈলকুপা পৌরসভার নবনির্বাচিত মেয়র (আওয়ামী লীগের বিদ্রোহী) কাজী আশরাফুল আজম বলেন, একই দলের প্রতিপক্ষ প্রার্থী তৈয়বুর রহমানের লোকজন গোটা শহরে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। তাঁরা হিন্দু সম্প্রদায়ের লোকজনের ওপর বেশি আক্রমণ করছেন। হিন্দু ব্যবসায়ীরা ভয়ে দোকানপাট খুলতে পারছেন না। অবশ্য তৈয়বুর রহমান অভিযোগ অস্বীকার করে দাবি করেন, আজমের সমর্থকেরা প্রথমে সংঘর্ষের সূত্রপাত করেছে। পরে উত্তেজিত জনতা কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিল, কিন্তু তাঁরা তা করতে দেননি। বর্তমানে পরিস্থিতি ভালো বলে মন্তব্য করেন তিনি। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, শুধু হিন্দু সম্প্রদায়ের লোকজনের ওপর হামলা হয়েছে কথাটি ঠিক নয়। শনিবার ঘটনা যা ঘটেছে তা আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে। এখানে অন্য সম্প্রদায়ের লোকজন থাকতে পারে। তিনি দাবি করেন, রোববার সকাল থেকেই শহরের সব দোকানপাট খুলেছে।