সহিংসতা, ট্রাকচাপায় নিহত ১
রাজশাহীতে অবরোধ শুরুর আগেই ধানবোঝাই চারটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এদিকে অবরোধ ডেকেই গাড়ি পোড়ানো, ভাঙচুর করে শ্রমিক ও মানুষ হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে জয়পুরহাট জেলা মোটরশ্রমিক ইউনিয়ন। পাবনায় বিক্ষোভ করেছেন ১৮ দলের নেতা-কর্মীরা। সিরাজগঞ্জে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা নির্বাচন কার্যালয়ে সকালে অগ্নিসংযোগের চেষ্টা চালায় দুর্বৃত্তরা।
গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইউনুস আলীর নির্বাচনী প্রচারণায় হামলা চালিয়েছেন জামায়াত-শিবির কর্মীরা। এদিকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সাংসদ শামসুর রহমান শরিফের গাড়ি বহরে হামলা ও সড়ক অবরোধ চেষ্টার অভিযোগে গতকাল সন্ধ্যায় ১৪ জনকে আটক করেছে পুলিশ। এদিকে পাবনার ঈশ্বরদীতে মিছিলকারীদের ভয়ে দ্রুত ট্রাক নিয়ে পালাতে গেলে যানটির নিচে চাপা পড়ে যুবদলের কর্মী নিহত হন
রাজশাহী: ট্রাকচালকেরা জানান, তাঁরা নওগাঁ থেকে ধানবোঝাই করে কুষ্টিয়ার পোড়াদহ যাচ্ছিলেন। চারটি ট্রাকে এক হাজার ২০ বস্তা ধান ছিল। রাত একটার দিকে তাঁরা দেওয়ানপাড়া এলাকায় রাজশাহী-নওগাঁ সড়কে পৌঁছে দেখেন রাস্তার ওপর কাঠের গুঁড়ি ফেলে রাখা হয়েছে। গাড়ি থামানোর সঙ্গে সঙ্গে মুখ বাঁধা অবস্থায় একদল লোক এসে তাঁদের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
ট্রাকের চালক আজমত আলী বলেন, মালের চালানসহ সব কাগজপত্র গাড়িতেই ছিল। সব পুড়ে গেছে। তাঁর মুঠোফোনটাও হামলাকারীরা কেড়ে নিয়েছে।
ফায়ার সার্ভিসের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেশন কর্মকর্তা এনায়েতুল হক বলেন, হামলাকারীরা প্রথমেই গাড়িগুলোর টায়ারে আগুন লাগিয়ে দেয়। টায়ার থেকে ইঞ্জিন ও গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। তাঁরা গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
সকালে গিয়ে দেখা যায়, গাড়িগুলো তখনো রাজশাহী-নাটোর সড়কের ওপর পড়ে আছে। ধানের গাড়ি থেকে তখনো ধোঁয়া বের হচ্ছিল।
মতিহার থানা পুলিশের উপপরিদর্শক মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জয়পুরহাট: বেলা ১১টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে মোটরশ্রমিকদের একটি মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় মসজিদ চত্বরে এসে শেষ হয়। সেখানে জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি সরদার আবদুল হাফিজের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্য ফরহাদ হোসেন, অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান হাবীব আরমান প্রমুখ।
পাবনা: পাবনা-ঢাকা মহাসড়কের বিভিন্ন স্থানে সড়কে গাছ ও ইট ফেলে অবরোধ করেন ১৮ দলের সমর্থকেরা। সকালে আটক নেতা-কর্মীদের মুক্তি ও নির্দলীয় সরকারের দাবিতে মিছিল করেন তাঁরা। এ ছাড়া শহরে বিক্ষিপ্তভাবে ভাঙচুরের ঘটনা ঘটেছে। অধিকাংশ সড়ক-মহাসড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকলেও নছিমন ও রিকশাভ্যান চলাচল করতে দেখা গেছে। এলাকায় দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা ছিল।
সিরাজগঞ্জ: দুপুরে সমাজকল্যাণ মোড়ে মিছিল বের করে জামায়াত-শিবির। এ সময় নেতা-কর্মীরা চার-পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। পুলিশ ঘটনাস্থলে গেলে নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। ১৫ মিনিট ধরে চলা এই সংঘর্ষে পাঁচজন আহত হন। এ সময় পুলিশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গাইবান্ধা: সকালে পলাশবাড়ী উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে রাখা একটি চেয়ারে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় কার্যালয়ের নিরাপত্তা প্রহরী ও টহলরত পুলিশ ধাওয়া করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পলাশবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা ফেরদৌস হাসান জানান, আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে ফেলা হয়। কার্যালয়ের কোনো ক্ষতি হয়নি।
দুপুরে গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ইউনুস আলী নির্বাচনী প্রচারণায় পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেনের বাড়িতে যান। এ সময় জামায়াত-শিবির তোফাজ্জল হোসেনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটায়। তারা একটি মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেয়। এ সময় ছোটাছুটি করতে গিয়ে তোফাজ্জল হোসেন ও তাঁর মেয়ে তাসলিমা আকতার আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ইউনুস আলীকে উদ্ধার করে সাদুল্যাপুর উপজেলার ভাতগ্রামে তাঁর বাড়িতে রেখে আসে।
ইউনুস আলী জানান, তাঁকে হত্যার উদ্দেশেই জামায়াত-শিবির এই হামলা চালিয়েছে। বিকেলে সাথী সিনেমা হলের সামনে অবরোধকারীরা বাস ও মাইক্রোবাস ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ ও র্যাব তাদের ধাওয়া করে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়।
নাটোর ও লালপুর: মনোনয়ন নিয়ে ঢাকা থেকে নির্বাচনী এলাকা ঈশ্বরদী যাওয়ার পথে গতকাল দুপুরে বনপাড়া-পাবনা সড়কে নাটোরের লালপুরের দাঁইড়পাড়ায় অবরোধকারীরা শামসুর রহমান শরিফের গাড়িবহরে হামলা ও সড়ক অবরোধের চেষ্টা চালায়। গাড়িবহরে থাকা নেতা-কর্মীরা পাল্টা ধাওয়া করলে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অবরোধকারীরা পালিয়ে যান। পরে সেখানে পুলিশ অবস্থান নিলে বিকেলে অবরোধকারীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ১৪ জনকে আটক করা হয়।
ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদীতে গতকাল সন্ধ্যায় মিছিলকারীদের ভয়ে দ্রুত ট্রাক নিয়ে পালাতে গেলে এর নিচে চাপা পড়ে যুবদলের কর্মী নিহত হন। উপজেলা বিএনপির সভাপতি শামসুদ্দিন মালিথা জানান, সন্ধ্যা সাতটার দিকে অবরোধের সমর্থনে তাঁরা ছলিমপুর ইউনিয়নের মিরকামারী মুন্নার মোড়ে মিছিল বের করেন। সে সময় একটি ট্রাক পেছন থেকে মিছিল পার হয়ে যাওয়ার সময় চাপা দিলে ঘটনাস্থলেই যুবদলের কর্মী মাহাবুল ইসলাম নিহত হন। তিনি দাবি করেন, মাহাবুল ইউনিয়ন যুবদলের কর্মী। প্রত্যক্ষদর্শীরা জানান, সে সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা ট্রাকটি আটক করে আগুন ধরিয়ে দেন। কিছুক্ষণের মধ্যেই ট্রাকটি পুড়ে যায়। নেতা-কর্মীরা দাশুড়িয়া-পাকশী মহাসড়কের দুই পাশের বড় বড় গাছ কেটে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখেন। সহকারী পুলিশ সুপার শাহ আলম পাটওয়ারী জানান, ঘটনার পর তাঁরা সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
নারায়ণগঞ্জ: সকাল সাড়ে ৬টার দিকে শহরের দেওভোগ এলাকায় শিবিরের নেতা-কর্মীরা মিছিল বের করেন। এ সময় তাঁরা সড়কে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ গিয়ে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। দুপুর দুইটার দিকে শহরের উকিলপাড়া এলাকায় পিকেটাররা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।