স্থগিত আসনে ভোট গ্রহণের সময় সহিংসতা মোকাবিলায় প্রয়োজনে গুলি চালাতে বলেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নিতেও বলা হয়েছে।
দশম জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত বা বন্ধ ঘোষিত পুনঃ ভোট গ্রহণ উপলক্ষে ১১ জানুয়ারি আইনশৃঙ্খলা-সংক্রান্ত এক সভায় এ কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদ।
৫ জানুয়ারি দেশের বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াতের সহিংসতার মুখে ব্যালট পেপার ছিনতাই এবং ভোটকেন্দ্রে আগুন দেওয়ার কারণে ছয় জেলার আটটি আসনের ৩৯২ ভোটকেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল। আজ বৃহস্পতিবার স্থগিত হওয়া ওই আটটি আসনের মধ্যে সাতটি আসনে পুনরায় ভোট গ্রহণ করা হবে। হাইকোর্টের নিষেধাজ্ঞায় কুড়িগ্রাম-৪ আসনের দুটি কেন্দ্রে ভোট গ্রহণ পুনরায় স্থগিত করা হয়েছে।
কুড়িগ্রাম-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী জাকির হোসেনের রিটের পরিপ্রেক্ষিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
দশম জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪, কুড়িগ্রাম-৪, গাইবান্ধা-১, ৩ ও ৪, বগুড়া-৭, যশোর-৫ এবং লক্ষ্মীপুর-১ আসনের ভোট গ্রহণ সহিংসতার কারণে স্থগিত করা হয়। স্থগিত ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৩৯২টি। বর্তমানে দুটি কেন্দ্র কমে যাওয়ায় কেন্দ্রের সংখ্যা হবে ৩৯০টি।
আজকের নির্বাচনে সহিংসতার পুনরাবৃত্তি ঘটবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ। গতকাল বুধবার সন্ধ্যায় কার্যালয় থেকে বের হওয়ার সময় সিইসি গণমাধ্যমকর্মীদের বলেন, ‘এবার নির্বাচনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি, যাতে করে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এবার তৃতীয়বারের মতো সভা করেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরিষ্কারভাবে বলেছি, এবারের নির্বাচনের জন্য যাতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা থাকে। তাঁরা আমাদের আশ্বস্ত করেছেন, নির্বাচন সুষ্ঠু হবে। আশঙ্কা ছাড়াই নির্বাচন করতে পারবেন।’
৫ জানুয়ারি নির্বাচনের পর সংখ্যালঘুদের ওপর সহিংসতা প্রসঙ্গে সিইসি বলেন, এ বিষয়ে আগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছিল। বারবার সচেতন করা হয়েছে, যাতে অঘটন না ঘটে। তবে বিশাল বড় দেশ তো, কখন কোথায় কাকে অতর্কিত হামলা করছে, তা প্রতিরোধ করা কঠিন। তবে সচেতন থাকার ফলেই সহিংসতা কম হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
কুড়িগ্রাম আসনে রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট থেকে চার সপ্তাহের জন্য দুটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত প্রসঙ্গে সিইসি বলেন, ‘কিছুক্ষণ আগে আমরা হাইকোর্টের আদেশ পেয়েছি। দেখব কী করা যায়। তবে হাইকোর্টের নির্দেশ সুপ্রিম কোর্ট যদি পরিবর্তন না করে দেন, তবে হাইকোর্টের নির্দেশই বহাল থাকবে।’
পুনরায় স্থগিত হওয়া এই আসনে জাকির হোসেনের প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির (জেপি) রুহুল আমিন। ৫ জানুয়ারির নির্বাচনে জাকির হোসেন ভোট পেয়েছিলেন ২৩ হাজার ৯৪৬, আর রুহুল আমিন পেয়েছিলেন ৩০ হাজার ৫৪৪ ভোট। মোট ১০৬টি ভোটকেন্দ্রের মধ্যে দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত হয়েছিল। স্থগিত কেন্দ্রের ভোটার সংখ্যা সাত হাজার ২৫৭ জন।
গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রীর রাজনীতিবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম এবং প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান সিইসির সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের কাছে এইচ টি ইমাম জানান, নির্বাচন যাতে নির্বিঘ্নে অনুষ্ঠিত হতে পারে, সে আলোচনা ও পর্যালোচনার জন্যই তাঁরা সিইসির সঙ্গে বৈঠক করেছেন। নির্বাচন যাতে সুষ্ঠু হতে পারে, নির্বাচনের পরে যাতে সহিংসতার ঘটনা না ঘটে, তা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের।
এ ধরনের সহিংসতায় সরকারের কোনো দায় আছে কি না জানতে চাইলে এইচ টি ইমাম বলেন, সরকারের তো বটেই, তবে কমিশনেরও বড় দায়িত্ব। কমিশনের হাতেই তো সব ছেড়ে দেওয়া হয়েছে।
গতকাল এক তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে, পুনঃ ভোট গ্রহণের জন্য আজ নির্বাচনী এলাকার সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান, সংস্থা, সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের ভোটাধিকার প্রয়োগের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
১১ জানুয়ারির বৈঠক: পুনঃ ভোট উপলক্ষে নির্বাচন কমিশন ১১ জানুয়ারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিভাগীয় কমিশনার, স্থগিত আটটি আসনের সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা (ডিসি) ও নির্বাচন কমিশনের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে উপস্থিত গোয়েন্দা সংস্থাগুলোর প্রধানেরা নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ করেন, ৫ জানুয়ারি ভোট গ্রহণ স্থগিত বা বন্ধের সঙ্গে কিছু ভোট গ্রহণ কর্মকর্তার সম্পৃক্ততা রয়েছে। আরও অভিযোগ করা হয়, স্থানীয়ভাবে তৈরি করা তারকাঁটা রাস্তায় ফেলে রাখার বিষয়ে পুলিশ সুপাররা কোনো আগাম তথ্য দেননি।
বৈঠকে নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী টেলিভিশনের নেতিবাচক সংবাদ, রাস্তায় তারকাঁটা ফেলা, রাস্তায় গাছ কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি, ভিডিওবার্তা প্রচার, পেট্রলবোমা নিক্ষেপ এবং ভোট গ্রহণ কর্মকর্তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা খতিয়ে দেখাসহ নিরপেক্ষ ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ দেওয়ার প্রস্তাব দেন। তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে গণমাধ্যমে এসেছে যে নির্বাচন কমিশন সুষ্ঠু ভোট গ্রহণে ব্যর্থ—এ ধরনের অভিযোগ যাতে আর কমিশনকে না শুনতে হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে পদক্ষেপ নিতে হবে।
বৈঠকে পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শক জানান, ভোটকেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই, অগ্নিসংযোগ, সহিংসতার প্রতিটি ঘটনার জন্য পৃথক মামলা করা প্রয়োজন। তিনি উদাহরণ দিয়ে বলেন, শুধু গাইবান্ধা জেলায় সহিংসতার কারণে স্থগিত হয়েছে ২০৬টি ভোটকেন্দ্র, কিন্তু এ বিষয়ে মামলা হয়েছে মাত্র ৫৩টি।