সহিংসতা থাকলে নির্বাচন পর্যবেক্ষণ করবে না ইলেকশন ওয়ার্কিং গ্রুপ
সহিংস পরিস্থিতি অব্যাহত থাকলে নির্বাচন পর্যবেক্ষণ করবে না ইলেকশন ওয়ার্কিং গ্রুপ। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদের সঙ্গে আজ মঙ্গলবার বিকেলে বৈঠক শেষে ইলেকশন ওয়ার্কিং গ্রুপের পক্ষ থেকে এ কথা জানানো হয়।
সিইসির সঙ্গে আজকের বৈঠকে ইলেকশন ওয়ার্কিং গ্রুপে ছিলেন জানিপপের প্রধান নাজমুল আহসান কলিমুল্লাহ ও ডেমোক্রেসি ওয়াচের নির্বাহী প্রধান তালেয়া রেহমান। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
পরে ইলেকশন ওয়ার্কিং গ্রুপের পক্ষে সাংবাদিকদের জানানো হয়, সহিংস পরিস্থিতি অব্যাহত থাকলে তাঁরা নির্বাচন পর্যবেক্ষণ করবেন না। এ ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি উল্লেখ করেন তাঁরা।
যে ১৪৬টি আসনে নির্বাচন হবে সেখানকার পরিস্থিতি কয়েকদিন ধরে পর্যবেক্ষণ করছেন তাঁরা। এই প্রতিবেদনের ওপর নির্ভর করছে তাঁরা নির্বাচন পর্যবেক্ষণ করবেন কি না।
জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে ১৫৪টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে।