সহিংসতা থেকে দূরে থাকতে যুক্তরাষ্ট্রের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বর্তমান অবস্থা ‘স্পর্শকাতর’ উল্লেখ করে সব রাজনৈতিক দলকে সহিংসতা এড়িয়ে শান্তিপূর্ণভাবে মতামত প্রকাশের আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে সেখানকার উপমুখপাত্র ম্যারি হার্ফ এসব কথা বলেন।

কাদের মোল্লার ফাঁসির পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় সহিংস ঘটনা বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা তাঁর (কাদের মোল্লা) ফাঁসির বিষয়ে অবহিত। এখানে কয়েকটি বিষয়ে নজর দেওয়া দরকার। বাংলাদেশের জন্য এটা একটা স্পর্শকাতর সময়। সহিংসতা প্রতিরোধ এবং সহিংসতা থেকে দূরে থাকতে আমরা সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাচ্ছি।’

ম্যারি হার্ফ আরও বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমরা বাংলাদেশ সরকারের কাছে বিচারপ্রক্রিয়া স্বচ্ছ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার তাগিদ দিয়ে এসেছি। পাশাপাশি রাজনৈতিক দলগুলো এবং তাদের সমর্থকদেরও শান্তিপূর্ণভাবে তাদের মতামত প্রকাশের আহ্বান জানিয়ে আসছি।’