সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের
বাংলাদেশের বর্তমান সময়কে ‘সবচেয়ে স্পর্শকাতর’ অভিহিত করে রাজনৈতিক দলগুলোকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
গতকাল শুক্রবার ওয়াশিংটনে নিয়মিত ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ-মুখপাত্র ম্যারি হার্ফ এ আহ্বান জানান। জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের বিষয়টিকে যুক্তরাষ্ট্র কীভাবে দেখছে—ব্রিফিংয়ে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার তাঁর (কাদের মোল্লা) ফাঁসি কার্যকর হয়েছে বলে জানি। কয়েকটি বিষয়ে আমাদের গুরুত্ব দেওয়া দরকার। বাংলাদেশের জন্য এখন সবচেয়ে স্পর্শকাতর সময়। তাই আমরা সব দলকে সংযত হতে ও সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাই।’ তিনি বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরেই বাংলাদেশ সরকারের কাছে বিচার-প্রক্রিয়া সুষ্ঠু, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার আহ্বান জানিয়ে আসছি।’ ম্যারি হার্ফ আরও বলেন, ‘শান্তিপূর্ণভাবে মত প্রকাশের বিষয়টি গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা সব রাজনৈতিক দল ও তাদের সমর্থকদের শান্তিপূর্ণভাবে মত প্রকাশের এবং সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আসছি। সত্যিকার অর্থেই এটা আমরা দেখতে চাই।’