সম্প্রতি ‘জামায়াতে ইসলামী ও বিএনপির সহিংসতামূলক কর্মকাণ্ড দমনে’ পুলিশের ভূমিকার প্রশংসা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে পুলিশের এ প্রশংসা করা হয়।বৈঠকে আগামী ৬ এপ্রিল অনুষ্ঠেয় বিভিন্ন জেলা থেকে ঢাকা অভিমুখে হেফাজতে ইসলামের লংমার্চ কর্মসূচি নিয়ে আলোচনা হয়। কমিটির পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে বলা হয়, কর্মসূচিতে হেফাজতে ইসলামকে সহিংস তৎপরতা থেকে বিরত রাখা গেলে তাদের আন্দোলন সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়বে। বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং বিভিন্ন সংগঠনের সহিংস তৎপরতা দমনে নিয়োজিত বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করার সুপারিশ করা হয়।বৈঠক শেষে কমিটির সভাপতি মোহাম্মদ ছায়েদুল হক প্রথম আলোকে বলেন, শাহবাগের গণজাগরণ মঞ্চের বিরোধিতা করে খালেদা জিয়া তাঁর রাজনৈতিক অবস্থান পরিষ্কার করেছেন। তিনি মানবতাবিরোধী অপরাধীদের পক্ষ নিয়ে একাত্তরের চেতনার বিপক্ষে অবস্থান নিয়েছেন। খালেদা জিয়া জামায়াতে ইসলামীকে ব্যবহার করে ঢাকায় তাহরির স্কয়ারের মতো কিছু একটা করতে চেয়েছিলেন; কিন্তু ব্যর্থ হয়েছেন। পুলিশ তাঁদের সঠিকভাবে দমন করেছে। যদিও কিছু মানুষ মারা গেছে।সংসদ সচিবালয় থেকে জানানো হয়, বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সীমান্ত ভাতা বাড়ানোর সুপারিশ করা হয়। এ ছাড়া সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবির সদস্যদের আরও বেশি তৎপর হওয়ার পরামর্শ দেওয়া হয় এবং সীমান্তের ওপারে গড়ে ওঠা চিহ্নিত ফেনসিডিল কারখানাগুলো দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে পুরোপুরি বন্ধ করে দেওয়ার সুপারিশ করা হয়।স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বৈঠকে জানানো হয়, গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতে সীমান্ত দিয়ে পাচারকালে ৩৬টি শিশু এবং ১৬৬ জন নারীকে উদ্ধার করা হয়। ২০০৩ থেকে ২০১৩-এর ফেব্রুয়ারি পর্যন্ত ১৪৭ জন নারী ও শিশু পাচারকারীকে আটক করা হয়েছে।ছায়েদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মির্জা আজম ও সফিকুল ইসলাম এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ ও বিজিবির শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।