সহিংসতা না করার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালসহ যেকোনো পরিস্থিতিতে শান্তিশৃঙ্খলা নষ্ট হয়, এমন কোনো কাজ করব না—এই অঙ্গীকার করেছেন নাটোরের বড়াইগ্রাম উপজেলা বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীসহ সব দলের নেতারা। বনপাড়া পৌর মিলনায়তনে গতকাল শনিবার বিকেলে সব রাজনৈতিক দলের নেতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সুধীজনের সমন্বয়ে এক সর্বদলীয় মতবিনিময় সভায় ওই অঙ্গীকার করেন তাঁরা।

সভায় বক্তারা শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা হানাহানি ভুলে শান্তির মডেলে পরিণত হতে চাই। আমাদের দেখে জাতীয় নেতারা ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবেন।’

পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন এ সভার আয়োজন করেন। তাঁর সভাপতিত্বে এ সভা হয়। উপস্থিত ছিলেন বিএনপির আহ্বায়ক একরামুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বনপাড়া সাংগঠনিক থানা জামায়াতের আমির সিরাজুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি মহিবুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য ও ওয়ার্ড কমিশনার আবদুল হালিম, বনপাড়া পৌর বিএনপির আহ্বায়ক লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি সরদার রফিক, ইউপি চেয়ারম্যান খোকন মোল্লাসহ অর্ধশতাধিক নেতা।

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, বড়াইগ্রাম সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, উপজেলা বণিক সমিতির সভাপতি ধীরেন্দ্রনাথ শাহ, সম্পাদক ফজলুর রহমান, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ ইব্রাহিম, বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাসুদ পারভেজ, তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নুর আলম।

সভার শুরুতে মেয়র কে এম জাকির হোসেন তাঁর স্বাগত বক্তৃতায় বলেন, ‘নানা কারণে বড়াইগ্রাম তথা বনপাড়া পৌর এলাকায় কয়েক বছর ধরে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। বেশ কয়েকটি রাজনৈতিক হত্যাকাণ্ড এখানে সংঘটিত হয়েছে। রাজনৈতিক আক্রোশে বিপুলসংখ্যক বাড়িঘর ও দোকানে আগুন দেওয়া হয়েছে। এভাবে চলতে থাকলে আমরা ধ্বংস হয়ে যাব। এ বাস্তবতায় আমি সর্বদলীয় সভার আয়োজন করেছি। দলীয় হীনমন্যতার ঊর্ধ্বে উঠে আপনারা সবাই এখানে আসায় আমি ধন্যবাদ জানাচ্ছি।’

উপজেলা বিএনপির আহ্বায়ক একরামুল আলম বলেন, ‘আমরা যার যার দলের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করব। যদি একই সময় একাধিক দল কর্মসূচির ঘোষণা দেন, তাহলে প্রশাসন যেন ১৪৪ ধারা জারি না করে আলোচনার মাধ্যমে স্থান ও সময় নির্ধারণ করে দেন। এতে আমাদের মধ্যে শান্তি বজায় থাকবে।’

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ‘সারা দেশের বাস্তবতায় জামায়াতের নেতাদের সঙ্গে সভায় মিলিত হওয়া যায় না। কিন্তু বড়াইগ্রামের বাস্তবতায় আমরা একত্রে বসতে বাধ্য হয়েছি। আমরা সকলে মিলে শান্তিতে থাকতে চাই।’

বনপাড়া সাংগঠনিক থানা জামায়াতের আমির সিরাজুল ইসলাম বলেন, ‘আমরাও শান্তিপূর্ণভাবে সহাবস্থানে থাকতে চাই। তবে আমাদের গণতান্ত্রিক কর্মসূচি পালনে বাধা দেওয়া যাবে না। আমরা কথা দিচ্ছি, বড়াইগ্রামের মাটিতে আমাদের দ্বারা খারাপ কিছু হবে না।’

বড়াইগ্রাম সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ বলেন, ‘আপনারা আপনাদের প্রতিশ্রুতিতে অটুট থাকবেন। আমরা আপনাদের পাশে আছি।’ ইউএনও সাইফুল ইসলাম বলেন, ‘সব দলের নেতাদের প্রতিশ্রুতিতে আমরা আনন্দবোধ করছি। আশা করছি, আপনারা আপনাদের কথা রাখবেন। এর ফলে বড়াইগ্রাম সম্পর্কে সারা দেশে যে নেতিবাচক ধারণা রয়েছে তা দূর হয়ে যাবে।’

সভা শেষে অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে করমর্দন করেন। পৌরসভার পক্ষ থেকে সবাইকে মিষ্টিমুখ করানো হয়।