সহিংসতা নিয়ে কিশোরগঞ্জে মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলামের কর্মসূচিকে কেন্দ্র করে রোববার রাতে ঢাকায় সংঘটিত সহিংস ঘটনার প্রেক্ষাপটে গতকাল সোমবার কিশোরগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জরুরি মতবিনিময় সভা হয়েছে। জেলা প্রশাসকের আহ্বানে এতে জেলার বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষকেরা অংশ নেন। সভায় হয়বতনগর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আজিজুল হক বলেন, রোববার রাতে ঢাকায় জ্বালাও-পোড়াওয়ের যেসব ঘটনা ঘটেছে, তা কোনো মুসলমান করতে পারেন না।জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান ও ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. আবদুল ওয়াদুদ। মতবিনিময় সভায় কিশোরগঞ্জের ইমাম পরিষদের সভাপতি মাওলানা আজহার আলী আনোয়ার শাহ্র প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন মাওলানা লুৎফুর রহমান। তিনি সভায় বলেন, ‘আনোয়ার শাহ্ হুজুর রোববার ঢাকায় গিয়ে আল্লামা শাহ আহমদ শফীর সঙ্গে সাক্ষাৎ করে সন্ধ্যার আগে ঢাকার সমাবেশ বন্ধ করে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন।’পুলিশ সুপার যেকোনো মূল্যে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখার প্রতিশ্রুতি দেন। জেলা প্রশাসক কোনো স্বার্থান্বেষী মহলের অপতৎপরতার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানানোর জন্য সবার প্রতি আহ্বান জানান।