তৃতীয় পক্ষের বা বাইরের কারও হস্তক্ষেপ ছাড়াই রাজনৈতিক দলগুলোকে পারস্পরিক সংলাপে বসতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। এ জন্য দলগুলোকে সহিংসতা পরিহার করে সংলাপের পরিবেশ তৈরি করতে হবে। গতকাল রোববার গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মজীনা এসব কথা বলেন। বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। মজীনা সাংবাদিকদের বলেন, অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যার সমাধানে বাইরের কোনো হস্তক্ষেপ কারও কাম্য হতে পারে না। তবে যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক সহিংসতা চায় না। গণতান্ত্রিক ব্যবস্থা অব্যাহত রাখতে সুষ্ঠু ও সব দলের অংশগ্রহণে নির্বাচনে বিশ্বাস করে। তিনি বলেন, প্রতিটি রাজনৈতিক দলকে তার মতামত প্রকাশের সুযোগ দিতে হবে। মজীনা আরও বলেন, তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এ কথাই বলেছেন। গতকালের সাক্ষাৎও ছিল সেই ধারাবাহিকতার অংশ। এর আগে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন। বৈঠকে বিএনপির অবস্থান সম্পর্কে জানতে চাইলে দলটির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান সাংবাদিকদের বলেন, দলীয় চেয়ারপারসন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না। সরকারের সঙ্গে সংলাপের ব্যাপারে রাষ্ট্রদূতকে বিএনপির চেয়ারপারসন বলেছেন, সংলাপের প্রস্তাব সরকারের কাছ থেকেই আসতে হবে। তা ছাড়া বিএনপির নেতাদের কারাগারে আটক রেখে সংলাপ হয় না বলেও মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা। খালেদা জিয়ার বক্তব্য উদ্ধৃত করে মঈন খান বলেন, ‘আমি কখনো বলিনি সংলাপে ডাকলে যাব না। কিন্তু সেই সংলাপ যেন নাটক না হয়। পরিকল্পনা যদি এই হয় যে সবাইকে জেলে পুরে সংলাপ করবে, তবে সেই সংলাপ চলতে পারে না। আগে সরকারকে সংলাপের পরিবেশ তৈরি করতে হবে।’ বৈঠকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান উপস্থিত ছিলেন।