সহিংস রাজনীতির সুযোগে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের কয়েকজন বিচারক, বাদী ও সাক্ষীদের বাসাবাড়িতে বোমা হামলার নিন্দা জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম—মুক্তিযুদ্ধ ’৭১। একই সঙ্গে সহিংস ও নৈরাজ্য সৃষ্টিকারী রাজনীতির পথ পরিহার করে মুক্ত আলোচনার মাধ্যমে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পথ উন্মুক্ত করার জন্য আহ্বান জানিয়েছে সংগঠনটি।
গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। এতে বলা হয়, বর্তমান সহিংস রাজনীতির সুযোগে স্বাধীনতাবিরোধী অপশক্তি ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ, অন্যতম প্রসিকিউটর তুরিন আফরোজ, সুপ্রিম কোর্টের বিচারপতি এস কে সিনহাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির বাসাবাড়িতে বোমা হামলা করেছে। এমনকি দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মাহবুবুল আলমের পিরোজপুরের বাড়িতেও আক্রমণ চালিয়েছে তারা। এ ছাড়া গণমাধমের কর্মী ও যানবাহনও ছিল নৈরাজ্যকারীদের আক্রমণের লক্ষ্যবস্তু।
এসব নৈরাজ্য বর্তমান রাজনৈতিক অচলাবস্থাকে কেবলই প্রলম্বিত করবে বলে মনে করে ফোরাম। পাশাপাশি সব মহলকে উদ্দেশ্য করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একাত্তরের যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের বিচার বাঙালি জাতির ঐতিহাসিক ও নৈতিক দায়বদ্ধতা। কাজেই এই বিচারপ্রক্রিয়া থেকে বাংলাদেশের পিছিয়ে যাওয়ার সুযোগ নেই।