সহিংসতা, পাল্টাপাল্টি হামলার মধ্য দিয়ে মেহেন্দিগঞ্জের ৭ ইউপিতে ভোট আজ
সহিংসতা, হামলা, পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে আজ বৃহস্পতিবার বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট গ্রহণ হবে।
সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নদীবেষ্টিত মেহেন্দিগঞ্জ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যাব ও কোস্টগার্ড মোতায়েন করেছে নির্বাচন কমিশন। তারপরও সুষ্ঠু নির্বাচন না হওয়ার আশঙ্কা করছে বিএনপি। বিএনপির অভিযোগ, র্যাব বিজিবি দিয়ে দলীয় প্রার্থীদের হয়রানি করা হচ্ছে।
নির্বাচন সুষ্ঠু করতে উপজেলার সাত ইউনিয়নের প্রতিটিতে এক প্লাটুন বিজিবি ও কোস্টগার্ড মোতায়েন করেছে নির্বাচন কমিশন। এর সঙ্গে নির্বাচনের দিন সাতটি স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে। স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে ২ জন করে মোট ১৪ জন নির্বাহী হাকিম দায়িত্ব পালন করবেন। থাকবে র্যাবের বিশেষ দল। মোতায়েন করা হয়েছে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের।
গতকাল বুধবার দুপুরে উত্তর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ মেজবাহউদ্দিন ফরহাদ অভিযোগ করেন, দুই দিন ধরে বিজিবি, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবাধ নির্বাচনী পরিবেশ তৈরি করার পরিবর্তে বিএনপির প্রার্থী, নেতা-কর্মী ও সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশির নামে হয়রানি করেছে। তারা ক্ষমতাসীন দলের প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে অবাধ নির্বাচনের পথ রুদ্ধ করে দিচ্ছে। এমন অবস্থায় বলা যায়, বর্তমান সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আদৌ সম্ভব নয়।
দুপুরে মেহেন্দিগঞ্জ উপজেলায় মেজবাহউদ্দিনের বাসভবনে সংবাদ সম্মেলনে ওই সব অভিযোগ করেন তিনি। পরে বিকেলে তিনি একটি সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠান।
মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক, লতা, চরএক্করিয়া, জয়নগর, গোবিন্দপুর, আলীমাবাদ ও শ্রীপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা অংশ নিচ্ছেন।
এই নির্বাচন নিয়ে একাধিকবার পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। বিএনপির প্রার্থীদের প্রচারণা চালাতে বাধা দেওয়া এবং হামলা-ভাঙচুরের অভিযোগ রয়েছে। এ ছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর ওপর হামলা হয়েছে কয়েক দফা।
গত ৫ জুন উত্তর জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ বরিশালে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের প্রার্থীদের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। প্রার্থীর বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ তোলেন তিনি। ৭ জুলাই আওয়ামী লীগের সদস্য প্রার্থীর প্রচারণায় বাধা দিয়েছেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকিল ব্যাপারী। এ ঘটনায় আহত হন সাতজন। তাঁদের মধ্যে পাঁচজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৯ জুলাই সন্ধ্যায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ ঘটনায় পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। গুলিবিদ্ধ ৩ জনসহ আহত হন ১৫ জন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল হালিম খান প্রথম আলোকে বলেন, মেহেন্দিগঞ্জ উপজেলার সাত ইউনিয়নের নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএনপির প্রার্থীদের বাড়িতে তল্লাশির অভিযোগ ভিত্তিহীন। কোনো প্রার্থীকে হয়রানি করার জন্য নয়, নির্বাচনী এলাকায় সন্ত্রাসী তৎপরতা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কাজ করছে।