সহিংসতা প্রতিরোধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নির্বাচন কমিশন, নির্বাচনে বিজয়ী সাংসদসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

রাষ্ট্রপতির প্রেস সচিব এহসানুল করিম বলেছেন, নির্বাচন-পরবর্তী সহিংসতার বিষয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে জানিয়েছেন, তাঁর সরকার  জনগণের জানমাল রক্ষায় বদ্ধপরিকর। এসব ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে।

আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় দেড় ঘণ্টা ধরে তাঁদের মধ্যে আলোচনা চলে। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব এহসানুল করিম সাংবাদিকদের এসব কথা জানান। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ  আশরাফুল ইসলাম ও প্রধানমন্ত্রীর আইন উপদেষ্টা শফিক আহমেদ সেখানে উপস্থিত ছিলেন।

কবে সরকার গঠন হতে পারে, জানতে চাইলে রাষ্ট্রপতির প্রেস সচিব বলেছেন, নির্বাচন কমিশন গেজেট প্রকাশের পরই সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়।