ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন-কেন্দ্রিক সহিংসতা অব্যাহত রয়েছে। অব্যাহত রয়েছে প্রাণহানির ঘটনাও। গত মঙ্গলবার রাতে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় দুই সদস্য (মেম্বর) পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
এ ছাড়া গতকাল বুধবার ও গত মঙ্গলবার রাতে অন্তত ছয় জেলার আটটি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা দলের বিদ্রোহী ও বিএনপির প্রার্থী এবং তাঁদের কর্মীদের ওপর হামলা করেছেন। এতে আহত হয়েছেন শতাধিক ব্যক্তি। মঙ্গলবারের প্রাণহানি নিয়ে নির্বাচনী সহিংসতায় অন্তত ৭১ জন নিহত হলেন।
এখন পর্যন্ত চার ধাপের নির্বাচন শেষ হয়েছে। ২৮ মে পঞ্চম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। ২২ মার্চ প্রথম ধাপের ভোট গ্রহণের দিন পর্যন্ত সহিংসতায় ২২ জন নিহত হয়েছিলেন। ৩১ মার্চ দ্বিতীয় ধাপের নির্বাচনের দিন পর্যন্ত সহিংসতায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩২। ২৩ এপ্রিল তৃতীয় ধাপের ভোট গ্রহণের দিন পর্যন্ত নিহত ব্যক্তির সংখ্যা ৪৩-এ পৌঁছায়। ৭ মে চতুর্থ ধাপের নির্বাচনের দিন পর্যন্ত ৬৩ জন নিহত হয়েছিলেন। চতুর্থ ধাপের পর থেকে এখন পর্যন্ত আরও আটজন নির্বাচনী সহিংসতায় নিহত হলেন।
ঢাকার বাইরের প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কিশোরগঞ্জ: অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দুই সদস্য পদপ্রার্থী আক্তার মিয়া ও করিম মিয়ার সমর্থকদের মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচনী প্রচারণা ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়।
এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। সংঘর্ষের সময় সদস্য পদপ্রার্থী আক্তার মিয়ার ভাতিজা তাজুল ইসলামের শরীরে বল্লম বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে বাজিতপুর উপজেলার জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত নয়টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ছাড়া সংঘর্ষে দুই পক্ষের আরও ৪০ জন আহত হন।
নিহত তাজুলের চাচাতো ভাই নজরুল ইসলাম বলেন, তাজুলের মাথার ডান পাশ দিয়ে বল্লম ঢুকে ডান চোখে আঘাত করে।
আক্তার মিয়া বলেন, প্রতিপক্ষ করিম মিয়ার লোকজনের বল্লমের আঘাতে তাজুল মারা গেছেন। অভিযোগ অস্বীকার করে করিম মিয়া বলেন, তাঁর সমর্থকদের হামলায় তাজুলের মৃত্যু হয়নি।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, হত্যা ও সংঘর্ষের ঘটনায় আক্তার মিয়া ৫৫ জনকে আসামি করে মামলা করেছেন। হারুন মিয়া ও সেলিম মিয়া নামে দুজনকে আটক করা হয়েছে।
সিরাজগঞ্জ: কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পাঁচগাছী গ্রামে মঙ্গলবার রাতে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে দুই ইউপি সদস্য পদপ্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
স্থানীয় ব্যক্তিরা বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে দুই সদস্য পদপ্রার্থী রেজাউল করিম ও ফরিদুল ইসলামের সমর্থকদের মধ্য সংঘর্ষ হয়। হামলার জন্য প্রার্থীরা একে অপরকে দায়ী করেছেন।
যশোর: অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে মঙ্গলবার রাতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী খান এ কামাল এবং দলের বিদ্রোহী প্রার্থী আবু জাফরের কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে জিয়ালতলা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আবু জাফরের কর্মিসভা চলছিল। এ সময় পাশ দিয়ে খান এ কামালের সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা যাচ্ছিল। সেখান থেকে কর্মিসভায় হামলা চালানো হলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
গাইবান্ধা: গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়ন নির্বাচনে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী মোশারফ হোসেন মঙ্গলবার দিবাগত রাতে দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন। তাঁর ভাই বজলুর রহমান বলেন, মোশারফ হোসেন রাত দেড়টার দিকে নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় অজ্ঞাত লোকজন তাঁকে মারধর করে সংজ্ঞাহীন অবস্থায় একটি কবরস্থানে ফেলে রেখে যায়। গতকাল সকালে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে দুপুরে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ফরিদপুর: গতকাল দুপুরে সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. ফারুকুজ্জামানের সমর্থকেরা দলের বিদ্রোহী প্রার্থী মমতাজ পারভীনের একজন কর্মীকে বেধড়ক পিটিয়ে নির্বাচনী প্রচারসামগ্রী কেড়ে নিয়ে গেছেন।
এদিকে মঙ্গলবার রাতে বোয়ালমারী উপজেলার দাঁদপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী শামীম মোল্লার সমর্থকেরা দলের বিদ্রোহী প্রার্থী মোকাদ্দেস হোসেন মোল্লার সমর্থকদের নির্বাচনী প্রচারণায় বাধা দেন এবং মারধর করেন।
জামালপুর: সরিষাবাড়ী উপজেলার সাতটি ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী ও তাদের সমর্থকদের নির্বাচনী প্রচারণায় নামতে বাধা দেওয়া হচ্ছে বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের প্রার্থী ও তাঁদের সমর্থকদের হুমকি-ধমকির কারণে বিএনপির প্রার্থীরা প্রচারণায় নামতে পারছেন না।