সহিংসতা বন্ধ ও সংলাপের তাগিদ বান কি মুনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান কি মুন
বান কি মুন

বাংলাদেশে অনুষ্ঠিত একতরফা দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সহিংসতায় গভীর হতাশা প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। একই সঙ্গে এ সহিংসতা বন্ধ করার এবং দেশের মানুষের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাজনৈতিক দলগুলোকে জরুরি ভিত্তিতে অর্থবহ সংলাপে বসার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে গণতান্ত্রিক দায়বদ্ধতা প্রকাশের সুযোগ এখনো বাংলাদেশের আছে বলে মনে করে যুক্তরাষ্ট্র। গতকাল মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক ব্রিফিংয়ে এ কথা জানানো হয়।

জাতিসংঘের মহাসচিবের পক্ষে গত সোমবার তাঁর মুখপাত্রের দেওয়া এক বিবৃতিতে মহাসচিব মুন দেশের সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়ে বলেন, সহিংসতা এবং মানুষ ও সম্পত্তির ওপর হামলা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। বিবৃতিতে বলা হয়, ‘মেরুকরণ ও কম অংশগ্রহণমূলক’ বলে চিহ্নিত এ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রাণহানি ও সহিংসতার ঘটনায় মহাসচিব মর্মাহত। রাজনৈতিক দলগুলো কোনো সমঝোতায় পৌঁছতে না পারায় তিনি হতাশ। সমঝোতা হলে একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন করা সম্ভব হতো।

বান কি মুন বিবৃতিতে রাজনৈতিক দলগুলোকে জনগণের প্রত্যাশার প্রতি সাড়া দিয়ে শিগগিরই অংশগ্রহণমূলক রাজনৈতিক প্রক্রিয়া ও অর্থবহ সংলাপ শুরুর তাগিদ দেন।

একটি অংশগ্রহণমূলক, অহিংস, সমঝোতা ও সংলাপের সঙ্গে সংগতিপূর্ণ বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি জাতিসংঘের সমর্থন দিয়ে যাওয়ার কথাও জানান মুন তাঁর এ বিবৃতিতে।

দায়বদ্ধতা প্রকাশের সুযোগ এখনো আছে: যুক্তরাষ্ট্র
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে গণতান্ত্রিক দায়বদ্ধতা প্রকাশের সুযোগ এখনো বাংলাদেশের আছে বলে মনে করে যুক্তরাষ্ট্র। গত সোমবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানানো হয়েছে।

সংবাদ ব্রিফিংয়ে প্রশ্নের জবাব দেন পররাষ্ট্র দপ্তরের উপ-মুখপাত্র মেরি হার্ফ। এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, আপনি বলেছেন, বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়নি এবং নতুন নির্বাচনের আহ্বান জানিয়েছেন। আপনি কি মনে করেন, সদ্য অনুষ্ঠিত নির্বাচনের পর যে সরকার গঠিত হতে যাচ্ছে, তা বৈধ? আপনারা কি নতুন সরকারের সঙ্গে কাজ করার পরিকল্পনা করছেন?

জবাবে মেরি হার্ফ বলেন, ‘আমাদের উদ্বেগের বিষয়টি খুবই পরিষ্কার এবং ভবিষ্যতে কী করণীয়, তা ভাবছি। আমরা বিশ্বাস করি, দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে গণতান্ত্রিক দায়বদ্ধতা প্রকাশের সুযোগ এখনো বাংলাদেশের আছে।’ তিনি আরও বলেন, ‘সাম্প্রতিক নির্বাচন নিয়ে, বিশেষ করে এত বিপুলসংখ্যক আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া বা নামমাত্র বিরোধী দল থাকার বিষয়ে আমরা উদ্বেগ জানিয়েছি। অবশ্যই, সামনে এগোনোর জন্য বিকল্প চিন্তা করা উচিত বলে আমি মনে করি।’

প্রয়োজন দ্রুত স্বচ্ছ নির্বাচন: অস্ট্রেলিয়া
বাংলাদেশে যত দ্রুত সম্ভব একটি নতুন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও স্বচ্ছ নির্বাচনের আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া। গতকাল অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ বাংলাদেশে ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেন। এতে বলা হয়, বর্তমান রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির জন্য আওয়ামী লীগ সরকার ও বিরোধী দল বিএনপি উভয়ই দায়ী।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচন সাংবিধানিকভাবে বৈধ হলেও, অর্ধেকের বেশি সংসদীয় আসনে নির্বাচন হয়নি এবং ভোটারের উপস্থিতি ছিল অত্যন্ত কম। সংখ্যালঘুদের ওপর হামলারও নিন্দা জানায় অস্ট্রেলিয়া।

হতাশা প্রকাশ জাপানের
বাংলাদেশে দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে দলগুলোর মধ্যে সমঝোতা না হওয়ায় গভীর হতাশা প্রকাশ করেছে জাপান। জাপান আশা করে, বাংলাদেশের রাজনীতিবিদেরা তাঁদের অবস্থান বিবেচনা করে দেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়, এমন একটি নির্বাচন অনুষ্ঠান করবেন। জাপানের দূতাবাস থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। রাজনৈতিক কর্মীদের আক্রমণ, সংখ্যালঘুদের ওপর হামলা, অযৌক্তিকভাবে গ্রেপ্তার এবং নির্বাচনী প্রচারণায় বাধা প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের প্রতি সব ধরনের সহিংসতা ও ভীতি প্রদর্শনেরও নিন্দা জানায় জাপান।