সহিংসতা বন্ধ করে আলোচনার আহ্বান বিশিষ্ট নাগরিকদের

রাজনৈতিক সহিংসতা বন্ধ করে অবিলম্বে আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধানের জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্ট নাগরিকেরা। তাঁরা বলেছেন, এমন সহিংসতার মধ্য দিয়ে দেশ চলতে পারে না। অবিলম্বে এ পরিস্থিতির অবসান হওয়া দরকার।
গতকাল শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক অবস্থান কর্মসূচি থেকে এ আহ্বান জানান তাঁরা। ‘বাংলাদেশ রুখে দাঁড়াও’ নামের একটি নাগরিক সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড আর রাজনৈতিক কর্মকাণ্ড এক হতে পারে না। দেশে এখন যা চলছে, তা সন্ত্রাসী কর্মকাণ্ড। আমরা চাই, সব ধরনের রাজনৈতিক সহিংসতা বন্ধ হোক। সবার অংশগ্রহণের মধ্য দিয়ে একটি নির্বাচন হোক। রাজনৈতিক দলগুলোর কাছে তাই আহ্বান, আপনারা সবাই মিলে অলোচনা করে গ্রহণযোগ্য একটি নির্বাচন করুন।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেন, মানুষকে জিম্মি করে রাখা রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। তাই অবিলম্বে রাজনৈতিক সহিংসতা বন্ধ করতে হবে। মানুষের জীবন ও জীবিকার নিরাপত্তা দিতে হবে।
সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক চলমান রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে দেশের সাধারণ মানুষকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারোয়ার আলী বলেন, রাজনৈতিক দলগুলোর কাছে বারবার আবেদন-নিবেদন করেও কোনো লাভ হচ্ছে না। ১৪ ডিসেম্বর গণমিছিল করে জামায়াত ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবি তুলে ধরা হবে বলে জানান তিনি।
আরও বক্তৃতা করেন সাংবাদিক আবেদ খান ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল।
বক্তারা ভীতি প্রদর্শন ও বল প্রয়োগ করে হরতাল না করা; রাজপথ, জনপথ ও রেলপথে নাশকতা না করা; গাড়ি, বসতবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে সহিংসতা না চালানো; সংসদ বর্জন, সাম্প্রদায়িক সহিংসতা ও রাজনীতিতে ধর্মের ব্যবহার না করার জন্য সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান।
সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ: গতকাল শাহবাগে সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ আয়োজিত এক গণসমাবেশে বক্তারা বলেছেন, জনগণকে জিম্মি করে যে আন্দোলনের কর্মসূচি চলছে, তা থেকে উত্তরণের জন্য জনগণকেই রুখে দাঁড়াতে হবে। গণতান্ত্রিক পন্থায় নির্বাচন ও ক্ষমতা হস্তান্তর সবাই চায়। সে জন্য আন্দোলনের নামে জনগণকে জিম্মি করা অন্যায়।
সমাবেশের ঘোষণাপত্রে সাম্প্রদায়িক শক্তি ও তাদের সমর্থক যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া বানচাল করার ষড়যন্ত্রকারীদের নির্বাচনসহ জাতীয় জীবনের প্রতিটি অঙ্গন থেকে প্রত্যাখ্যান করা; যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া ত্বরান্বিত করা; সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধ করা এবং সহিংস অবরোধ প্রত্যাখ্যানের আহ্বান জানানো হয়।
মঞ্চের আহ্বায়ক অজয় রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে সুলতানা কামাল, সারোয়ার আলী, রাণা দাসগুপ্ত, শিরিন আখতার প্রমুখ বক্তব্য দেন।