সহিংসতা বন্ধ করে মানবাধিকার রক্ষা করার আহ্বান সবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সভা, সমাবেশ ও মানববন্ধন আয়োজনের মাধ্যমে গতকাল মঙ্গলবার পালিত হয়েছে ৬৫তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস। দিনটি উপলক্ষে বিভিন্ন মানবাধিকার ও সামাজিক সংগঠন রাজধানীতে নানা কর্মসূচির আয়োজন করে। চলমান রাজনৈতিক সহিংসতায় সাধারণ মানুষের মানবাধিকার লঙ্ঘিত হওয়ার বিষয়টি এবারের মানবাধিকার দিবসের আলোচনায় মুখ্য বিষয় ছিল। প্রতিটি আয়োজনে সহিংসতা বন্ধের দাবি ওঠে।
‘নারী ও কন্যাশিশুর প্রতি সকল প্রকার নির্যাতন প্রতিরোধ ও নির্মূল করতে হবে’—এই স্লোগান সামনে রেখে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ মহিলা পরিষদ। মানবাধিকার দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০১৩ উপলক্ষে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মহিলা পরিষদের সভাপতি আয়শা খানমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু, যুগ্ম সাধারণ সম্পাদক রাখীদাশ পুরকায়স্থ প্রমুখ। মানবাধিকার সংগঠন অধিকার দিনটি উপলক্ষে রাজধানীতে নিজেদের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে। অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন জাতীয় মুক্তি কাউন্সিলের চেয়ারম্যান ফয়জুল হাকিম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিয়াস করিম, অধিকারের পরিচালক এ এস এম নাসিরউদ্দিন প্রমুখ। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করার কারণেই চলমান রাজনৈতিক সহিংসতা সৃষ্টি হয়েছে বলে তাঁরা মত দেন। সকালে ‘ক্ষমতার নয়, জনতার রাজনীতি চাই’—এ দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ (বামাসপ)।