সহিংসতা বন্ধে কূটনীতিকেরা আহ্বান জানিয়ে যাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের চলমান সহিংসতা ও সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের বর্তমান অবস্থান অক্ষুণ্ন থাকবে। শান্তিপূর্ণ উপায়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য তারা সব রাজনৈতিক দলকে আহ্বান জানিয়ে যাবে। সেই সঙ্গে সমাবেশ ও চলাচলের অধিকার এবং বিবৃতি দেওয়ার মৌলিক গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি অনুরোধ অব্যাহত রাখবে।
গতকাল শনিবার ঢাকায় কর্মরত কয়েকটি পশ্চিমা দেশের কূটনীতিকদের সঙ্গে কথা বলে তাঁদের এ অবস্থানের কথা জানা গেছে। ইতিমধ্যেই এ ধরনের অবস্থান তুলে ধরে জাতিসংঘের মানবাধিকার কমিশন, মার্কিন পররাষ্ট্র দপ্তর, ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য হাইকমিশন বিবৃতি দিয়েছে।
বিএনপির সহিংসতা, বিরোধী রাজনৈতিক দলের মৌলিক মানবাধিকার রক্ষাসহ দেশের চলমান পরিস্থিতি নিয়ে উন্নয়ন সহযোগীদের দেওয়া বিবৃতি সম্পর্কে নিজের অবস্থান জোরালোভাবে তুলে ধরে সরকার একটি বিবৃতি দিতে যাচ্ছে।
সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র গতকাল প্রথম আলোকে জানিয়েছে, বিএনপি জোটের সহিংস পরিস্থিতির মোকাবিলায় সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরে আজ বা কাল এ বিবৃতি দেওয়া হবে।
এ ছাড়া রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন দেশ ও জোটকে অবহিত করার অংশ হিসেবে চলতি সপ্তাহে পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিক কূটনৈতিক ব্রিফিং আয়োজনের পরিকল্পনা নিয়েছে।
এদিকে কূটনৈতিক সূত্রে জানা গেছে, বিএনপির সঙ্গে বৈঠকের পরিপ্রেক্ষিতে কূটনীতিকদের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হতে পারে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য আবদুল মঈন খানের বাসায় দলের নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক নিয়ে গণমাধ্যমে কথা বলতে পশ্চিমা কূটনীতিকেরা বিএনপিকে নিরুৎসাহিত করেন। কূটনীতিকেরা জানান, বিএনপির কাছে পরিস্থিতি সম্পর্কে জানার পর এ নিয়ে তাঁরা গণমাধ্যমে বিবৃতি দেবেন। এর আগে ১৪ জানুয়ারি পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে ব্রিফিংয়ের পর গণমাধ্যমে একটি বিবৃতি প্রচার করে ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন।
জানতে চাইলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ন কবীর প্রথম আলোকে বলেন, বর্তমানে দেশ যে সংকটের মধ্যে যাচ্ছে, তা আরও ঘনীভূত হলে সহিংসতা বেড়ে তা থেকে সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। এতে জনজীবন ও অর্থনীতির পাশাপাশি এ পরিস্থিতি দেশের সামগ্রিক স্থিতিশীলতাকে বিপন্ন করতে পারে। তাই জনগণের নিরাপত্তা, জনজীবনে স্বাভাবিকতা আনার পাশাপাশি দেশে শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে সব পক্ষের নমনীয় হওয়া উচিত। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে মনোযোগী হওয়া উচিত। তা না হলে সমস্যা বাড়বে।
এদিকে জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশের চলমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে সহিংসতা বন্ধ এবং বিরোধী দল ও জনগণের মৌলিক মানবাধিকার রক্ষার আহ্বান জানিয়ে যে বিবৃতি দিয়েছে, তাকে স্বাগত জানিয়েছে বিএনপি।
বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের সই করা বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘের মানবাধিকার কমিশন দেশের চলমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ, সহিংসতা বন্ধ এবং বিরোধী দল ও জনগণের মৌলিক অধিকার রক্ষার আহ্বান জানিয়ে যে বিবৃতি দিয়েছে, সেটির প্রতি বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে।
তবে বিবৃতিতে বলা হয়, অবরোধ কর্মসূচিতে সহিংস ঘটনার নিরপেক্ষ ও কার্যকর তদন্তের জন্য জাতিসংঘের মানবাধিকার কমিশন সরকারের প্রতি যে আহ্বান জানিয়েছে, সে ব্যাপারে বিএনপি জোটের সংশয় আছে। বিএনপির নেতৃত্বাধীন জোট মনে করে, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে চরম দলীয়করণের মাধ্যমে ক্ষমতাসীনেরা তাদের অবৈধ ক্ষমতাকে রক্ষার হাতিয়ারে পরিণত করায় এদের মাধ্যমে কোনো ঘটনার সুষ্ঠু ও কার্যকর তদন্ত সম্ভব নয়।