সহিংসতা বন্ধে গণজাগরণের স্বাক্ষর সংগ্রহ শুরু

রাজনীতির নামে মানুষ হত্যা ও সহিংসতা বন্ধ এবং দেশের সব মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ শুরু করেছে গণজাগরণ মঞ্চ।
রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আজ শুক্রবার বিকেলে মুক্তিযোদ্ধা ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী স্বাক্ষর করে এই কর্মসূচির উদ্বোধন করেন। যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করাসহ গণজাগরণ মঞ্চের ছয় দফা দাবিও এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে।
‘পুড়ছে বাংলাদেশ, পুড়ছে মানবতা, সম্মিলিত প্রতিবাদ রুখতে পারে সন্ত্রাস’ প্রতিপাদ্যকে নিয়ে শুরু হওয়া গণস্বাক্ষর অভিযান আগামী রোববার থেকে সারা দেশে চলবে বলে জানিয়েছেন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। তিনি জানান, দেশের সব জেলা সদরে স্থানীয় গণজাগরণ মঞ্চের নির্ধারিত স্থানে এবং উপজেলা, গ্রামাঞ্চল ও শিক্ষাপ্রতিষ্ঠানে স্থানীয় শহীদ মিনারে এই গণস্বাক্ষর কর্মসূচি চলবে।
সারা দেশ থেকে সংগৃহীত স্বাক্ষরগুলো নিয়ে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও স্পিকারের কাছে হস্তান্তর করা হবে। এ ছাড়া একই দাবিতে আগামী ৫ ফেব্রুয়ারি গণজাগরণ মঞ্চের দ্বিতীয় বর্ষপূর্তির দিন থেকে শাহবাগে টানা অবস্থান করবেন তাঁরা।
গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধনের পর ইমরান এইচ সরকার এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ৪ জানুয়ারি থেকে সারা দেশে রাজনীতির নামে যে ধারাবাহিক সহিংসতা চলছে, তাতে চারদিকে ছড়িয়ে পড়েছে পোড়া মাংসের গন্ধ, স্বজন হারানোর মাতম চলছে দেশজুড়ে।
ইমরান বলেন, ‘শিক্ষা, যোগাযোগ, উৎপাদন ও অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস এবং জনগণের মাঝে ত্রাসের রাজত্ব কায়েমের মাধ্যমে দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা চলছে। আর এসবের পেছনে রয়েছে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াত-শিবির আর তাদের দোসর ব্যক্তি ও সংগঠনগুলো। ’ তিনি এ অবস্থা থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে মুক্তিযুদ্ধের পক্ষের সব ব্যক্তি পরিবার, রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও নারীশ্রমিক ছাত্র যুব পেশাজীবী সংগঠন ও প্রতিষ্ঠানের সবাইকে তাঁদের এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।