সহিংসতা বন্ধে দ্রুত আলোচনায় বসার আহ্বান যুক্তরাষ্ট্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান সহিংসতা বন্ধ এবং স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে অবিলম্বে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক নিয়মিত ব্রিফিংয়ে এ আহ্বান জানান দপ্তরের উপমুখপাত্র মেরি হার্ফ।
মেরি হার্ফ বলেন, ‘স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য একটি নির্বাচনের পথ সুগম করতে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্রুত গঠনমূলক আলোচনার বিষয়টি এখন অনেক বেশি জরুরি বলে আমরা বিশ্বাস করি।’
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র আরও বলেন, কোনো ধরনের সহিংসতা ‘গ্রহণযোগ্য নয়’ এবং ‘অবশ্যই দ্রুত সহিংসতা বন্ধ’ করতে হবে।
ওই ব্রিফিং নিয়ে এ খবর প্রকাশ করে বার্তা সংস্থা এএফপি আরও বলেছে, বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের নেতা খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীন আসন্ন নির্বাচনে ভোট জালিয়াতির আশঙ্কা করছেন। বিরোধী দলের চলমান আন্দোলনে গত অক্টোবর থেকে এ পর্যন্ত সহিংসতায় অন্তত ৬৭ জন প্রাণ হারিয়েছেন। এএফপি।