সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
সহিংসতা বন্ধে সব দল নিয়ে জাতীয় সম্মেলন ডাকার দাবি

সংখ্যালঘুদের ওপর সহিংসতা বন্ধে চলতি মাসেই সব রাজনৈতিক দল নিয়ে জাতীয় সম্মেলন ডাকার জন্য সরকারের প্রতি দাবি জানিয়ে গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীতে বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠন মিছিল ও মানববন্ধন করেছে।
সম্প্রতি যশোর, দিনাজপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরাসহ বিভিন্ন জেলায় সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু মানুষের তাৎক্ষণিক ত্রাণ সহায়তা ও দীর্ঘমেয়াদি পুনর্বাসনের দাবি জানান।
বক্তারা অভিযোগ করেন, যুদ্ধাপরাধী জামায়াত-শিবির চক্র ও স্বার্থান্বেষী মহল দেশে সাম্প্রদায়িক মনোভাবকে উসকে দিচ্ছে। একই সঙ্গে হিন্দু সম্প্রদায়ের সম্পদ লুটপাট করছে।
বক্তারা সরকারকে উদ্দেশ করে বলেন, ‘প্রতিটি হামলার পরই বিচার চেয়ে সভা-সমাবেশ করা হয়, কিন্তু বিচার হয় না। দয়া করে এবার জাতীয় সম্মেলনে সবাইকে ডেকে সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধ করান। যে অপশক্তি এসব ঘটনার জন্য দায়ী, তাদের নিষিদ্ধ করুন।’
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা নিমচন্দ্র ভৌমিক ঘোষণা দেন, সংখ্যালঘুদের ওপর হামলা ও সহিংসতার প্রতিবাদে আগামী শুক্রবার দেশব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের সবাই নিজ নিজ প্রতিষ্ঠান বন্ধ রেখে কালো পতাকা মিছিল করবে।
প্রবীণ রাজনীতিক পংকজ ভট্টাচার্য বলেন, পরাজিত পাকিস্তানিদের রেখে যাওয়া বিষবৃক্ষের ফল জামায়াত-শিবির আজ ধর্মীয় সংখ্যালঘুদের জীবন আর সম্পদ কেড়ে নেওয়ার জিহাদে নেমেছে। তিনি জামায়াত-শিবির নামক অপশক্তিকে নিষিদ্ধ করার দাবি জানান।
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারেক আলী বলেন, শুধু ধর্মীয় কারণে নয়, মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলাই সংখ্যালঘুদের ওপর হামলার মূল উদ্দেশ্য। যার কারণে সংখ্যালঘুদের প্রতি সহানুভূতিশীল আওয়ামী-মুসলমানরাও বিভিন্ন স্থানে হামলার শিকার হয়েছেন।
আরও বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপদেষ্টা দুর্গাদাস ভট্টাচার্য, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা রুহিন হোসেন, এডাবের নির্বাহী পরিচালক খন্দকার আরিফুল ইসলাম, আইইডির নির্বাহী পরিচালক নুমান আহমেদ খান প্রমুখ।
মানববন্ধন শেষে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ আদিবাসী যুব পরিষদ, বাংলাদেশ আইনজীবী সমিতি, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ, বাংলাদেশ মহাশ্মশান কমিটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিদ্যার্থী সংসদ, বাংলাদেশ ঐক্য পরিষদ, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস (ইসকন), ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল তোপখানা রোড প্রদক্ষিণ করে।