সহিংসতা বন্ধে সব পক্ষকে উদ্যোগ নেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচনকেন্দ্রিক সহিংসতা, শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, সংখ্যালঘুদের ওপর হামলা এবং বিরোধী দলের নেতাদের গ্রেপ্তার-হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে এই নিন্দা ও উদ্বেগ জানায় এইচআরএফবি।
এইচআরএফবি সব পক্ষকে সহিংসতা ও বিপরীতমুখী অনড় অবস্থান পরিহার করে বিদ্যমান পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে।
১৯টি বেসরকারি সংস্থার মোর্চা এইচআরএফবি। এই মোর্চায় রয়েছে আইন ও সালিশ কেন্দ্র, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশন, বাংলাদেশ দলিত অ্যান্ড এক্সক্লুডেড রাইটস মুভমেন্টস, মানুষের জন্য ফাউন্ডেশন, বাংলাদেশ আদিবাসী ফোরাম, বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস), বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, বয়েজ অব বাংলাদেশ, ফেয়ার, কর্মজীবী নারী, কাপেং ফাউন্ডেশন, ন্যাশনাল অ্যালায়েন্স অব ডিজঅ্যাবলড পিপলস অর্গানাইজেশনস, নাগরিক উদ্যোগ, নারীপক্ষ, নিজেরা করি ও স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট।
বিবৃতিতে বলা হয়, নির্বাচনকে কেন্দ্র করে আন্দোলনের নামে সহিংসতা, প্রাণহানি, ধ্বংসাত্মক কর্মকাণ্ড, শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা এবং অন্যদিকে সরকারের বিরোধী দলের শীর্ষস্থানীয় নেতাদের গ্রেপ্তারসহ হয়রানি ও অধিকার হরণের ঘটনায় এইচআরএফবি গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানাচ্ছে। এতে বলা হয়, ৫ জানুয়ারি নির্বাচনের দিন সহিংসতায় প্রায় ২০ জনের প্রাণহানি হয়েছে এবং আরও অনেকে আহত হয়েছেন। গণমাধ্যম সূত্রে জানা গেছে, নির্বাচন প্রতিহত করতে গিয়ে বিএনপি-জামায়াতের উগ্র কর্মী-সমর্থকেরা বিভিন্ন স্থানে কয়েক শ শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ এবং ব্যাপক ভাঙচুর করেছেন। নির্বাচনের দিন থেকে বিভিন্ন প্রান্তে বিভিন্ন জনগোষ্ঠী বিশেষত হিন্দু সম্প্রদায় ধর্মান্ধ সাম্প্রদায়িক হামলা ও নির্মম নির্যাতনের শিকার হচ্ছে। এখন পর্যন্ত পাওয়া খবরে যশোর, দিনাজপুর, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ, নেত্রকোনা, নাটোর, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, মৌলভীবাজার, নোয়াখালী, সাতক্ষীরাসহ বিভিন্ন এলাকায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, উপাসনালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সর্বস্ব হারিয়ে ভীতসন্ত্রস্ত লোকজন পরিবার-পরিজন নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। যাঁরা নিজ বাড়িতে অবস্থান করছেন, তাঁরাও আতঙ্কে দিন কাটাচ্ছেন।
বিবৃতিতে বলা হয়, অন্যদিকে বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের অযৌক্তিক গ্রেপ্তার, রিমান্ডসহ হয়রানি অব্যাহত রয়েছে। এইচআরএফবি এ ধরনের অধিকার হরণের তীব্র নিন্দা জানাচ্ছে এবং অবিলম্বে আটক নেতা-কর্মীসহ সব নিরপরাধীকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে যথাযথ প্রক্রিয়ায় মুক্তি দেওয়ার আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে এইচআরএফবি বিএনপি ও এর সব সংগঠনকে অবিলম্বে সব ধরনের সহিংসতা ত্যাগ করে শান্তিপূর্ণ পথ অনুসরণের আহ্বান জানাচ্ছে। গণতান্ত্রিক আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতিতে হতে হবে।
এইচআরএফবি মনে করে, এ নির্বাচন সাংবিধানিকভাবে প্রশ্নবিদ্ধ না হলেও জনগণের ভোটাধিকার পূর্ণাঙ্গ প্রয়োগের সুযোগসহ তাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়নি এবং নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের নজিরবিহীন ঘটনা শিক্ষাব্যবস্থার ওপর বড় আঘাত। এসব শিক্ষাপ্রতিষ্ঠান পুনর্গঠনের জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ এবং নাশকতার সঙ্গে জড়িত লোকজনের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছে এইচআরএফবি।
বিবৃতিতে বলা হয়, উদ্দেশ্যমূলক ও পরিকল্পিতভাবে একের পর এক সাম্প্রদায়িক হামলা সংখ্যালঘু সম্প্রদায়ের মৌলিক মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন এবং সাংবিধানিক, গণতান্ত্রিক ও মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে চরম সাংঘর্ষিক। ধারাবাহিকভাবে দেশব্যাপী সংখ্যালঘু নির্যাতন, বিশেষ করে প্রতিটি নির্বাচনকে কেন্দ্র করে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর এ ধরনের আক্রমণ ও নির্যাতন হয়ে আসছে, তা জানা সত্ত্বেও এসব সম্প্রদায়ের লোকজনকে নিরাপত্তা দিতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাচন কমিশন, আইন প্রয়োগে নিয়োজিত সংস্থা ও প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। এ ধরনের হামলা বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা, নিরপেক্ষ তদন্ত করে আক্রমণের সঙ্গে জড়িত ও দায়িত্ব পালনে অবহেলার জন্য দোষী ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে এইচআরএফবি।