সহিংসতা বন্ধে সিলেটে ব্যবসায়ীদের মানববন্ধন
সিলেটে রাজনৈতিক সহিংসতার জের ধরে কেন্দ্রীয় শহীদ মিনার ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের প্রতিবাদ এবং সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। গতকাল শনিবার ব্যবসায়ীদের সংগঠন সিলেট চেম্বারের উদ্যোগে নগরের জিন্দাবাজার এলাকা থেকে আম্বরখানা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন চলাকালে বক্তারা ব্যবসাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানোর দাবি জানান।সিলেটে গত ২২ ফেব্রুয়ারি ‘তৌহিদি জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলকারীরা কেন্দ্রীয় শহীদ মিনার, ব্যাংক, বেসরকারি হাসপাতাল ও বিপণিবিতানে হামলা এবং ভাঙচুর করে। একইভাবে ২ মার্চ জামায়াত-শিবিরের বিক্ষোভ মিছিল চলাকালে মোটরসাইকেলের শোরুমসহ শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনা ঘটে।মানববন্ধনে ব্যবসায়ী নেতারা এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং ক্ষতিপূরণ আদায়ের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেন ব্যবসায়ীরা। ভবিষ্যতে হরতাল, অবরোধ এবং যেকোনো রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে ভাঙচুর ও লুটপাট না করার জন্য রাজনৈতিক নেতা-কর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে ব্যবসায়ী নেতারা বলেন, সরকারকে ভ্যাট-ট্যাক্সসহ অন্যান্য রাজস্ব দিয়ে ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা করেন। তাই ব্যবসায়ীদের জান-মালের সার্বিক নিরাপত্তা বিধান করা সরকারের দায়িত্ব ও কর্তব্য।মানববন্ধনে সিলেট চেম্বারের সভাপতি ফারুক আহমদ মিছবাহ, জ্যেষ্ঠ সহসভাপতি জিয়াউল হক, পরিচালক ও বাজার সাব কমিটির আহ্বায়ক নুরুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।