সহিংসতা বন্ধের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের চলমান সহিংসতায় ঢাকায় কর্মরত কূটনীতিকেরা আবারও উদ্বেগ জানিয়েছেন। তাঁরা চলমান সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে বাংলাদেশের জনগণ যাতে সংকটের সমাধান খুঁজে বের করে, সে বিষয়ে গুরুত্ব দিয়েছেন।
গতকাল রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে আলোচনায় এ মত তুলে ধরেন কূটনীতিকেরা।
পররাষ্ট্রমন্ত্রী দ্ব্যর্থহীনভাবে এসব সহিংসতা ও গণহত্যার নিন্দা জানাতে কূটনীতিকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের নামে যারা সন্ত্রাসী কৌশলের আশ্রয় নিয়েছে, তাদের সঙ্গে আলোচনায় বসার কোনো সুযোগ নেই।
নিয়মিত ব্রিফিংয়ের অংশ হিসেবে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী তাঁদের সঙ্গে কথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ জানুয়ারি থেকে বিএনপি-জামায়াত একযোগে যেসব সহিংস ও সন্ত্রাসমূলক তৎপরতা চালাচ্ছে, সে সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী কূটনীতিকদের ব্রিফ করেন। বিএনপি-জামায়াতের দুষ্কৃতকারীদের নির্বিচারে হামলা থেকে জনগণকে সুরক্ষা দেওয়া ও সহিংসতা প্রতিহত করার ব্যাপারে সরকারের দৃঢ় অঙ্গীকার তিনি পুনর্ব্যক্ত করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও অহিংস মূল্যবোধকে চ্যালেঞ্জ করতে বিএনপি-জামায়াত সরাসরি উগ্রপন্থী এজেন্ডা উসকে দিচ্ছে। গণতন্ত্রে সহিংসতার কোনো জায়গা নেই উল্লেখ করে মাহমুদ আলী বলেন, যাত্রীবাহী বাসে পেট্রলবোমা ছোড়ার মতো তাদের কাপুরুষোচিত কর্মকাণ্ড আইএস ও অন্যদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রায় কাছাকাছি।
বিফ্রিংয়ে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম ও গওহর রিজভী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক উপস্থিত ছিলেন।
ঢাকায় অস্ট্রেলিয়ার হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানায়, কয়েকজন হাইকমিশনার, রাষ্ট্রদূত ও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন।
জাতিসংঘসহ তাদের আগের বিবৃতিগুলোর উল্লেখ করে কূটনীতিকেরা চলমান সহিংসতা বন্ধ করার আহ্বান জানান। তাঁরা বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, প্রবৃদ্ধি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে রাজনৈতিক সংঘাত কমানোর মতো আস্থা স্থাপনের প্রয়াসকে উৎসাহিত করেছেন।
বৈঠকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, স্পেন, ডেনমার্ক, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, তুরস্ক, জাপান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকেরা উপস্থিত ছিলেন।