সহিংসতা বন্ধের আহ্বান বিশিষ্ট নাগরিকদের
সারা দেশে চলা নাশকতা ও সহিংসতা বন্ধের জন্য আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্ট নাগরিকেরা। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘বাংলাদেশ রুখে দাঁড়াও’-এর ব্যানারে মানববন্ধন করেন দেশের বিশিষ্ট নাগরিকেরা। সেখানে তাঁরা এই আহ্বান জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ আনিসুজ্জামান। তিনি বলেন, ‘সংবিধান আমাদের কতগুলো মৌলিক অধিকার দিয়েছে। প্রত্যেকের স্বাধীনভাবে চলাচলের অধিকার আছে। নিজ নিজ পেশায় থাকার অধিকার আছে। কিন্তু আজকে সব অধিকার পদদলিত হচ্ছে। নারী, শিশু, সাধারণ মানুষ কেউ হামলা থেকে রেহাই পাচ্ছে না। মায়ের একমাত্র ছেলে আগুনে পুড়ে যাচ্ছে। মানুষের রুটি রুজি বন্ধ হয়ে গেছে।’
তিনি বলেন, ‘আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ চাই। দেশের অর্থনীতি পঙ্গু করে দেওয়ার এই রাজনীতি চলতে পারে না। আমরা স্বাভাবিকভাবে জীবনযাপনের জন্য ও শান্তিপূর্ণভাবে নিজের কাজ করার জন্য এখানে দাঁড়িয়েছি। আমাদের মনে হয়, এটাই প্রত্যেক নাগরিকের দাবি।’
মানববন্ধনে অংশ নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও ‘বাংলাদেশ রুখে দাঁড়াও’-এর আহ্বায়ক সুলতানা কামাল প্রশ্ন তুলে বলেন, কার বিরুদ্ধে এই অবরোধ? সাধারণ মানুষের বিরুদ্ধে? শ্রমিকের বিরুদ্ধে? কৃষকের বিরুদ্ধে? তিনি সর্বশক্তি দিয়ে হলেও সহিংসতা বন্ধ করার জন্য আহ্বান জানান।
সাংবাদিক আবেদ খান বলেন, সহিংসতা বন্ধ করার জন্য যা যা করা দরকার, সবকিছু সরকারকে করতে হবে। রাজনীতির নামে এমন পরিস্থিতি চলতে থাকলে দেশে জঙ্গিবাদ আসতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধূরী বলেন, ‘আমরা উদ্বিগ্ন, আতঙ্কিত, ক্ষুব্ধ। আমরা সন্ত্রাস চাই না। স্বাভাবিকভাবে বাঁচা ও মরার অধিকার চাই।’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্ত বলেন, সন্ত্রাসের চোরাবালিতে রাজনীতি হারিয়ে গেছে।
নাট্যকার রামেন্দু মজুমদার প্রশ্ন তুলে ও ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বজনদের আহাজারি কী রাজনীতিবিদদের কানে যায় না?
মানববন্ধনে সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং প্রমুখ বিশিষ্ট নাগরিক উপস্থিত ছিলেন।