সহিংসতা বন্ধের আহ্বান হিউম্যান রাইট ওয়াচের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে চলমান সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইট ওয়াচ। মানবাধিকার সংস্থাটির এশীয় অঞ্চলের পরিচালক ব্রাড অ্যাডামস আজ মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর উচিত বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র বা খুব বেশি বল প্রয়োগ না করা। একই সঙ্গে জামায়াত ও বিএনপিসহ সব রাজনৈতিক দলের উচিত সহিংসতা থেকে দলীয় কর্মীদের বিরত রাখা।

বিবৃতিতে বলা হয়, সরকারের উচিত দ্রুত সহিংসতার নিরপেক্ষ ও কার্যকর তদন্ত করা এবং দায়ীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, সাম্প্রতিক দিনগুলোতে বিরোধীদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান বেড়েছে। জামায়াতের সমর্থকেরা পুলিশ চৌকি, সরকারি ভবন, ক্ষমতাসীন দলের নেতা-কর্মী ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের ওপর আক্রমণ করেছে। গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বিরোধী দলের কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। গ্রেপ্তার হয়েছে অনেকে।

বিবৃতিতে ব্রাড অ্যাডামস বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিরোধী দলের সশস্ত্র কর্মীরা পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। এর ফলে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ বাড়ছে এবং আতঙ্ক ছড়াচ্ছে। জামায়াত ও অন্য বিরোধী দলগুলো হয়তো মনে করতে পারে, প্রতিবাদ করা তাদের ন্যায্য অধিকার। কিন্তু কোনো অজুহাতেই তাদের সমর্থকদের ভীতিকর সহিংস পরিস্থিতি তৈরি করাটা মেনে নেওয়া যায় না।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে আসন্ন নির্বাচন ও মানবতাবিরোধী অপরাধের বিচারকে সামনে রেখে গত দুই মাসে সংঘর্ষে শতাধিক মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে শত শত। গত ১২ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হওয়া জামায়াতের নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ার পর সংকট আরও ঘনীভূত হয়েছে।