
রাজনীতির নামে চলা সহিংসতা বন্ধের দাবিতে দেশের দক্ষিণাঞ্চলের তিন জেলায় গতকাল শনিবার মানববন্ধন ও সমাবেশ হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও আঞ্চলিক কার্যালয়ের পাঠানো খবর:
বরগুনা: আন্দোলনের নামে পেট্রলবোমা মেরে মানুষ হত্যা, জ্বালাও-পোড়াওসহ সব ধরনের সহিংসতা বন্ধের দাবিতে সকালে বরগুনায় মৌন মিছিল ও মানববন্ধন হয়। স্থানীয় প্রেসক্লাব ও বিভিন্ন বেসরকারি সংস্থার উদ্যোগে এই মিছিল ও সমাবেশ হয়।
কর্মসূচিতে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতা ছাড়াও শহরের বেশ কয়েকটি মাধ্যমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা অংশ নেয়।
শনিবার সকালে শিল্পকলা একাডেমী চত্বর থেকে সাদা পতাকা নিয়ে মৌন মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব চত্বরে মানববন্ধন হয়। মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য দেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাসান ঝন্টু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মো. শাহাজাহান, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তপন কুমার মিত্র, জেলা এনজিও ফোরামের সহসভাপতি সামসুদ্দিন খান প্রমুখ।
যশোর : শহরের নেতাজি সুভাষ চন্দ্র (গাড়িখানা) সড়কে শনিবার বিকেলে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদের আয়োজনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের শতাধিক নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। মানববন্ধনের পর সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে বক্তারা জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানান। এতে রাজনীতিক কাজী আবদুস শহীদ, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সিপিবির সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, মহিলা পরিষদের যশোর জেলা শাখার সভাপতি সুরাইয়া শরীফ, এলাহদাদ খান প্রমুখ বক্তব্য দেন।
ফরিদপুর: নাশকতা সৃষ্টি করে মানুষ পুড়িয়ে মারার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি ও সমাবেশ করেছেন কয়েকটি সংগঠনের নেতা-কর্মীরা। গতকাল বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে মহিলা পরিষদ, উদীচী, খেলাঘর, ছাত্র ও যুব ইউনিয়ন, কৃষক সমিতি ও লালন পরিষদের নেতা-কর্মীরা অংশ নেন।