শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা আয়োজনে গতকাল রোববার চট্টগ্রামে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। এসব আয়োজনে নারীর ক্ষমতায়ন, নারীবান্ধব কর্মপরিবেশ সৃষ্টি ও নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবি জানানো হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে নগরের শিল্পকলা একাডেমী থেকে শোভাযাত্রা বের করে জেলা প্রশাসন। শোভাযাত্রাটি শিশু একাডেমীতে গিয়ে শেষ হয়। সেখানে নারী দিবসের আলোচনা সভা হয়।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নারী সাংসদ সাবিহা মুসা, অধ্যাপক রীতা দত্ত, বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) উচ্চবিদ্যালয়ের অধ্যক্ষ আনোয়ারা বেগম ও নারীনেত্রী জেসমিন সুলতানা বক্তব্য দেন।
সাবিহা মুসা বলেন, বাধা অতিক্রম করে নারীদের এগিয়ে যেতে হবে। নারীর ক্ষমতায়ন আরও জোরদার করতে হবে। নারীবান্ধব কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, নারীর অবদান ছাড়া দেশ ও জাতির উন্নতি সম্ভব নয়। নারীদের প্রতি সহিংসতা বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে।
বাংলাদেশ নারী প্রগতি সংঘ: নারী দিবসে চট্টগ্রামে বাংলাদেশ নারী প্রগতি সংঘ সমাবেশ ও শোভাযাত্রা করেছে। ডিসি হিল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নন্দনকানন সড়ক হয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
বিএনপিএস চট্টগ্রাম কেন্দ্রের ব্যবস্থাপক ফেরদৌস আহম্মদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উন্নয়ন কর্মকর্তা এরশাদুল করিম, কাজীর দেউড়ি কমিউনিটি ফোরামের সহসভাপতি বিজয় চক্রবর্তী, আসকার দীঘি কমিউনিটি ফোরামের মাহফুজা বেগম, সহসম্পাদক ফয়জুন্নেছা, বেলাল উদ্দিন, জসিম উদ্দিন, শাহরিয়ার রিয়াদ ও সাংগঠনিক সম্পাদক গাজী হোসেন ফরহাদ।
বক্তারা বলেন, শত প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশ যে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে, তার অন্যতম প্রধান কারণ উন্নয়নের সর্বক্ষেত্রে নারীর সক্রিয় অংশগ্রহণ। দেশে অর্থনৈতিক অগ্রযাত্রার মূলে আছে পোশাকশিল্পের বিকাশ। এই শিল্পের কর্মীদের ৮০ শতাংশই নারী। তাঁরা বলেন, মৌলবাদী একটি গোষ্ঠী নারীর অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করছে। তাদের রুখে দাঁড়াতে হবে।
ব্র্যাক: জনসচেতনতা তৈরিতে বিশেষ প্রচারণার অংশ হিসেবে রিকশার পেছনে যৌন হয়রানি নির্মূলের স্লোগানসংবলিত প্লেট সেঁটে দেওয়া হয়। শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে এই প্রচারণার উদ্বোধন করেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। উপস্থিত ছিলেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নিভা হক, ব্র্যাকের চট্টগ্রাম জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম মজুমদার প্রমুখ। পরে শোভাযাত্রা বের হয়।