সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে গতকাল সোমবার মানববন্ধন ও সমাবেশ করেছে জেলা দোকান মালিক সমিতি। শহরের স্বাধীনতা স্মৃতি অম্লান চত্বরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত চলা এ মানববন্ধন ও সমাবেশে দোকান মালিক সমিতির নেতারা ছাড়াও স্থানীয় ব্যবসায়ীরা বক্তব্য দেন।
সমাবেশ চলাকালে জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান রাজনীতিবিদদের উদ্দেশ্য করে বলেন, ‘আপনারা রাজনীতি করেন, রাজপথে করেন, সংসদে করেন। আমাদের ব্যবসা-বাণিজ্য বন্ধ করবেন না। আপনারা এই সহিংসতা বন্ধ করুন। দুই দল আলোচনার মাধ্যমে আপনাদের সমস্যার সমাধান করুন।’
জেলা দোকান মালিক সমিতির সভাপতি শামসুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক শাহজাদা মুক্তি, ব্যবসায়ী আসফিয়ার রহমান, ইয়াসিন আলী, এস এম শফিউল আযম প্রমুখ।